নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোর মধ্যেই বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন? এ প্রশ্ন ঘিরে বৃহস্পতিবার তুমুল চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, আগামী ১২ থেকে ১৪ অক্টোবর তিনদিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। অর্থাৎ, দ্বিতীয়া থেকে চতুর্থী পর্যন্ত হতে পারে সংসদীয় অধিবেশন। আগামী ১০ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুরু। সেই দেবীপক্ষেই বিশেষ অধিবেশনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও এব্যাপারে বৃহস্পতিবার রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কেন্দ্র। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর এক মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও তা ‘প্রোরগ’ করেননি রাষ্ট্রপতি। এর ফলে বেশ কিছুদিন ধরেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে চর্চা চলছে। বঙ্গ বিজেপি সাংসদদের অনেকের বাড়িতেই দুর্গাপুজো হয়। তাছাড়া রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটি প্রথম পুজো। ফলে পদ্মশিবিরের পক্ষ থেকে জনসংযোগের মাত্রাও অনেক বেশি থাকবে। এমন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সাংসদদের রাজ্য ছেড়ে আসা সমস্যার হতে পারে।



