নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টালিগঞ্জে অবস্থিত রাজ্য পোল্ট্রি ফার্মে কৃত্রিম উপায়ে একসঙ্গে ৩০ হাজার ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির জন্য বিশেষ ইনকিউবেটর আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাংলার বৃহৎ পোল্ট্রি ফার্মগুলির একটি। এই ফার্মের মুরগির বাচ্চার চাহিদা ক্রমেই বাড়ছে। এসব বাচ্চা সরকারি প্রকল্পের মাধ্যমে উপভোক্তদের বণ্টন করা হয়। তার পাশাপাশি অন্য অনেক ব্যক্তিও এখান থেকে বাচ্চা নিয়ে প্রতিপালন করেন। তাই জোগান বাড়াতে এই অত্যাধুনিক ইনকিউবেটর আনা হচ্ছে। বর্তমানে এখানে ১৫ হাজার ডিম ফোটানোর ব্যবস্থা আছে। বিপুল চাহিদার পাশে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আরও একটি যন্ত্র আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।



