Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের বিরুদ্ধে একরাশ অভিযোগ, পঞ্চায়েত অফিসে বাসিন্দাদের বিক্ষোভ, থানায় এজাহার

ময়নাগুড়িতে পঞ্চায়েত প্রধান বাবলু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রামবাসীদের বিক্ষোভ। কেন এই ঘটনা ঘটল? বিস্তারিত পড়ুন।

প্রধানের বিরুদ্ধে একরাশ অভিযোগ, পঞ্চায়েত অফিসে বাসিন্দাদের বিক্ষোভ, থানায় এজাহার
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, ময়নাগুড়ি: শুক্রবার বিকেলে ময়নাগুড়ি থানায় খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেস নেতা বাবলু রায়ের নামে দায়ের হয় অভিযোগ। অপরদিকে, বিকেলেই পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান একাংশ গ্রামবাসী। বাবলু রায়ের ইস্তফা সহ তাকে গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপির নেতা-কর্মীরা। অভিযোগ, ভিত্তিহীন বলে দাবি করেছেন বাবলু রায়। 

Advertisement

শুক্রবার খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত অফিসে বিশ্ব পরিবেশ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা আমন্ত্রিত ছিলেন। এসেছিলেন গ্রামবাসীরাও। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ দিবস নিয়ে একটি বৈঠকও হওয়ার কথা ছিল। কিন্তু, পঞ্চায়েত অফিসে প্রধান না আসায় শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন কাজে পঞ্চায়েত কার্যালয়ে প্রতিদিন তাঁরা আসছেন। কিন্তু প্রধান না আসায় তাঁদের খালি হাতে ঘুরে যেতে হচ্ছে। 
এদিকে, বিকেলে প্রধান বাবলু রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকারই বাসিন্দা অক্ষয় মণ্ডল। তাঁর দাবি, ২০১৯ সালে বাবলু রায়ের নেতৃত্বে তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাঁকে সর্বস্বান্ত হতে হয়েছিল। তার একটাই কারণ তিনি বিজেপি কর্মী। তাঁর নামে মিথ্যা মামলা দেওয়ায় তাঁকে জেল খাটতে হয়েছিল। 
খাগড়াবাড়ি-২ এর ১৬১ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা পুতুলরানি মোদক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচিতে প্রধান আসেননি। উনি বিভিন্ন সরকারি সম্পত্তি চুরি করেছেন। আমরা ওঁর ইস্তফা চাই। গ্রেপ্তার চাই। বিজেপি নেতা অরুণ রায়, রথীন আচার্য বলেন, সরকারি চেয়ারে বসে সরকারি অনুষ্ঠান বাবলু রায় করলে না। উনি পঞ্চায়েত অফিসে আসেননি, কারণ মানুষ যদি তাঁর কাছে দুর্নীতি নিয়ে জানতে চায়, তাহলে উনি উত্তর দিতে পারবেন না। উনি লুকিয়ে আছেন। ওঁর পদত্যাগ চাই। 
যদিও টেলিফোনে প্রধান বাবলু রায় বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই কারণে পঞ্চায়েত অফিসে যাইনি। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।  

সম্পর্কিত সংবাদ