নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দেখে বোঝার উপায় নেই। হুবহু এক! নামী কোম্পানির জাল টেডমার্ক ব্যবহার করে তৈরি করা হচ্ছিল নকল পণ্য। নিউটাউনে বাড়ি ভাড়া নিয়ে এইরকম জালিয়াতি চক্র শুরু করেছিল চোরাকারবারিরা। আচমকা অভিযান চালিয়ে বড়োসড়ো সাফল্য পেল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। সেখান থেকে প্রচুর পরিমাণ তৈরি নকল পণ্য এবং কাঁচামালও বাজেয়াপ্ত হয়েছে। এখনও পর্যন্ত এই চক্রের কেউ অবশ্য গ্রেপ্তার হয়নি। তবে, অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত। তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ইকোপার্ক থানার অন্তর্গত ঘুনি শুলিপাড়া এলাকায় ওই চক্রটি চলছিল। একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে নকল পণ্যগুলি তৈরি করা হত। সোমবার গোয়েন্দা শাখার পক্ষ থেকে আচমকা অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে পুলিশের চোখও কপালে। কারণ, পণ্যগুলি দেখে আসল না নকল বোঝা মুশকিল। বিভিন্ন ধরনের নামী কোম্পানির ফেসওয়াশ, লিপবাম, পাউডার, মশা মারার রিফিল সহ নানা ধরণের সামগ্রী। আসল কোম্পানির ট্রেডমার্ক জাল করে ছাপানো হতো। নকল পণ্যের গায়ে সেই প্যাকেট, লেভেল এবং টেডমার্ক ব্যবহার করে এই কারবার চলছিল। অভিযানে নকল পণ্যের পাশাপাশি ওজন মাপার যন্ত্র, নানা ধরনের লেবেলিং শিট, খোলা অবস্থায় থাকা বিভিন্ন ধরনের পাউডার, মশা তাড়ানোর রিফিল স্টিক এবং বিভিন্ন কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই কাঁচামালগুলিও অবৈধভাবে উৎপাদন করা হয়েছে। সেগুলি ব্যবহার করাও ত্বকের ক্ষেত্রে বিপজ্জনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁচামালের উৎস, অবৈধ উৎপাদন এবং তৈরি করার পর সেগুলি বাজারে সরবরাহ করার পিছনে একটি বড়ো চক্র কাজ করেছে। তাই এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ করার কাজ শুরু হয়েছে। তদন্ত চলছে। বাজেয়াপ্ত হওয়া নকল সামগ্রী। নিজস্ব চিত্র