Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে প্রদর্শিত হবে দাদাভাই নওরোজির ছবি

‘গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া’। গোটা বিশ্ব তাঁকে এই নামেই চেনে। ব্রিটেনের প্রথম ভারতীয় সাংসদ হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন তিনি। দাদাভাই নওরোজি।

লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে প্রদর্শিত হবে দাদাভাই নওরোজির ছবি
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ‘গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া’। গোটা বিশ্ব তাঁকে এই নামেই চেনে। ব্রিটেনের প্রথম ভারতীয় সাংসদ হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন তিনি। দাদাভাই নওরোজি। এবার তাঁর ছবি প্রদর্শিত হবে লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে। আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রদর্শিত হবে ছবিটি। দ্য স্ট্র্যান্ডে অবস্থিত ইন্ডিয়া ক্লাবের (বর্তমানে বন্ধ) রেস্তরাঁয় একসময় ঝোলানো ছিল এই চিত্রকর্ম। অনেক কাঠখড় পুড়িয়ে যত্নসহকারে ছবিটি পুনরুদ্ধার করেছে কোর্টোল্ড ইনস্টিটিউট অফ আর্ট। এবার তা ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে জায়গা করে নিচ্ছে। উল্লেখ্য, ১৮৯২ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত লিবারেল পার্টির হয়ে ফিন্সবারি সেন্ট্রালের প্রতিনিধিত্ব করেছিলেন নওরোজি।

Advertisement

দীর্ঘমেয়াদি লিজে ২৬ বছর ধরে ইন্ডিয়া ক্লাব চালিয়েছিলেন ইয়াদগার মার্কার। জানা গিয়েছে, ছবিটি তিন বছরের জন্য ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিকে ধার দিয়েছেন তিনি।
২০২৩ সালে ইন্ডিয়া ক্লাব বন্ধ হয়ে যায়। বলা ভালো, জমির মালিকগোষ্ঠী মার্সটন প্রোপার্টিজের তরফে মার্কারকে উচ্ছেদ করা হয়। আর এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হন একাংশ। ভারতের স্বাধীনতার ইতিহাসে ইন্ডিয়া ক্লাবের ভূমিকার কথা মাথায় রেখে এটিকে বাঁচানোর জন্য দীর্ঘ আন্দোলন চলে। একসময় এই ভবন থেকেই ভি কে কৃষ্ণ মেননের সঙ্গে যুক্ত ইন্ডিয়া লিগ স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল। তবে ইন্ডিয়া ক্লাব বাঁচানোর লড়াই দীর্ঘস্থায়ী হয়নি। মার্সটন প্রোপার্টিজের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিল্ডিংটিকে আধুনিক হোটেলের রূপ দেওয়া হবে। তাই এহেন পদক্ষেপ। 
এরইমাঝে ছবি প্রদর্শনের খবর সামনে আসতে খুশি স্থানীয়দের একাংশ। তাঁদের কথায়, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে নওরোজির ছবির মধ্য দিয়ে কোথাও যেন ইন্ডিয়া ক্লাবের এক টুকরো ইতিহাসও বেঁচে থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ