ইটানগর: দেশের ১০১তম রামসার সাইট হিসাবে অরুণাচল প্রদেশের গ্লো লেকের নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই পদক্ষেপকে জীব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি বড়ো পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। এক্স হ্যান্ডলে ভূপেন্দ্র যাদব লিখেছেন, ‘প্রতিটি নতুন রামসার সাইট প্রকৃতি রক্ষার পাশাপাশি বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল জনগোষ্ঠীগুলির ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে আমাদের সংকল্পকে আরও সুদৃঢ় করে। ২০১৪ সালে দেশে ২৬টি রামসার সাইট ছিল। বর্তমানে তা বেড়ে হল ১০১। এই অগ্রগতি পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের দায়বদ্ধতারই প্রতিফলন।’ অরুণাচলের কামলাং টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে অবস্থিত গ্লো লেক রামসার সাইট অন্তর্ভূক্ত হওয়ায় খুশি দেশের পরিবেশপ্রেমীরাও। উল্লেখ্য, এখনও পর্যন্ত রামসার কনভেনশনের আওতায় বিশ্বে প্রায় ২ হাজার ৬০০টি জলাভূমি চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় তৃতীয় স্থানে (এশিয়ার মধ্যে প্রথম) রয়েছে ভারত। ব্রিটেন (১৭৬) ও মেক্সিকোর (১৪৪) পরেই।



