অর্ক দে, কলকাতা; কোথাও গাছের গায়ে পেরেক পুঁতে ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো, কোথাও আবার গাছে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে রড বা হুক লাগিয়ে দড়ি ঝোলানো হয়েছে। যার জেরে ‘ক্ষত-বিক্ষত’ হয়েছে গাছের কাণ্ড-ডাল। গাছের সেই ‘ক্ষত’ নিরাময়ে চিকিৎসা হচ্ছে হলুদে। যখন কোনো ফাঙ্গিসাইটে কাজ হচ্ছে না, তখন হলুদের প্রলেপ গাছের সেই ‘ক্ষত’ মেরামতে মহৌষধির মতো কাজ করছে। এভাবেই শহরজুড়ে গাছের ‘চিকিৎসা’ করে চলেছে কলকাতা পুরসভার ‘ট্রি অ্যাম্বুলেন্স’। জানা গিয়েছে, গত ছ’-সাত মাস ধরে অন্তত ৫০০ গাছের ‘চিকিৎসা’ করেছে এই অ্যাম্বুলেন্স। কখনও মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তোলা হয়েছে, কখনও আবার ঝড়ে উপড়ে যাওয়া গাছকে নতুন জায়গায় প্রতিস্থাপিত করে ফেরানো হয়েছে সবুজ।
গত ডিসেম্বরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ‘ট্রি অ্যাম্বুলেন্স’ চালু করেছিল পুরসভা। তৎকালীন উদ্যান বিভাগের মেয়র পারিষদ তথা রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে চালু হয়েছিল এই অ্যাম্বুলেন্স। তারপর থেকে শহরজুড়ে প্রচুর গাছের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। ভারতে এমন উদ্যোগ এই প্রথম, দাবি পুরসভার। শহরে কোথাও গাছ ভেঙে পড়লে বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে তা কাটা হবে, তাও ঠিক করছেন এই অ্যাম্বুলেন্সের কর্মীরা। কোথাও গাছের গায়ে দাগ, ছালে পচন, পোকা লাগা, গাছের গায়ে ছত্রাক— সব ধরনের ‘রোগ’ সারিয়ে শহরের বহু গাছকে সুস্থ করে তুলেছে এই অ্যাম্বুলেন্স। সম্প্রতি বিভিন্ন জায়গায় গাছের গা থেকে পেরেক বের করে ব্যানার, প্ল্যাকার্ড সরিয়ে ‘সুশ্রুসা’ করা হয়েছে গাছের।
শহরে বহু গাছ প্রতিস্থাপনের কাজও করেছেন তাঁরা। ল্যান্সডাউনে ঝড়ে উপড়ে পড়া গাছ পার্ক সার্কাস ময়দানে প্রতিস্থাপিত হয়ে নতুন করে ‘জীবন’ পেয়েছে। আবার ভিক্টোরিয়ার সামনে গাছের গোড়ায় গজিয়ে ওঠা ছত্রাক ‘অপারেশন’ করে গাছের পরিচর্যা করা হয়েছে। অ্যাম্বুলেন্স দেখভালের দায়িত্বে থাকা সঞ্জয় জয় সিং বলেন, যেখানে ফাঙ্গিসাইটে কাজ হচ্ছে না, সেখানে আমাদের ভরসা হলুদ। যেসব গাছে পেরেক পুঁতে ফুটো করা হয়েছে কিংবা ছালে পচন ধরেছে, সেখানে প্রয়োজন অনুযায়ী হলুদের প্রলেপ দারুণ কাজ দিয়েছে। হলুদ ক্ষত মেরামতির কাজ করছে। আমরা একাধিক গাছ প্রতিস্থাপন করেছি। প্রতিস্থাপন করলেই আমাদের কাজ শেষ হয়ে যায় না। এমন গাছগুলিকে পরিচর্যা করতে হয়। তিন-চার বছর ধরে সেগুলি অডিট করা হয়।
জানা গিয়েছে, সম্প্রতি রাসবিহারী অ্যাভিনিউয়ে একাধিক পোকা ধরা, মৃতপ্রায় গাছের প্রাণ ফেরানোর কাজ শুরু করেছে ‘ট্রি অ্যাম্বুলেন্স’। অনেক সময় ইঁদুর-ছুঁচো গাছের গোড়ার মাটি আলগা করে দেয়। কিংবা অন্যান্য কিট-পতঙ্গের আক্রমণে আক্রান্ত হয় গাছ। সেখানেও প্রয়োজনে ‘পেস্ট কন্ট্রোল’ করে গাছের পরিচর্যা করে অ্যাম্বুলেন্স।