Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রার্থী ঘোষণার মাস পার, প্রচারে দেখা মিলছে না বিজেপি সাংসদের

প্রার্থী ঘোষণার প্রায় এক মাস পার। এখনও রায়গঞ্জের ভোট ময়দানে দেখা নেই বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সঙ্গে সাংসদকে এখনও প্রকাশ্যে কোনো বড় ধরনের প্রচার কর্মসূচিতে দেখা যায়নি।

প্রার্থী ঘোষণার মাস পার, প্রচারে দেখা মিলছে না বিজেপি সাংসদের
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: প্রার্থী ঘোষণার প্রায় এক মাস পার। এখনও রায়গঞ্জের ভোট ময়দানে দেখা নেই বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সঙ্গে সাংসদকে এখনও প্রকাশ্যে কোনো বড় ধরনের প্রচার কর্মসূচিতে দেখা যায়নি। যা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

এনিয়ে টিপ্পন্নি করতে ছাড়ছেন না তৃণমূল নেতারা। জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, বিজেপি সাংসদের হয়তো রায়গঞ্জ শহরে সেভাবে জনভিত্তি নেই। শহরের জন্য তিনি তেমন কোনো উল্লেখযোগ্য কাজও করতে পারেননি। আবার সাংসদকে এনে প্রচার করলে রায়গঞ্জের বিজেপি প্রার্থীর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভেবেই হয়তো এখনও নামায়নি তাঁর দল। মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তারপর থেকে রায়গঞ্জ শহর সহ বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হাতেগোনা কয়েকজন কার্যকর্তাকে সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী। ইতিমধ্যে বাহিন, কমলাবাড়ি, গৌরী গ্রাম পঞ্চায়েত সহ স্টেশন বাজার চত্বর, খরমুজা ঘাট রোড, মিলন পাড়া, শহর সংলগ্ন বোগ্রাম এলাকাতেও প্রচার করেছেন। কিন্তু কোনো কর্মসূচিতে দেখা মেলেনি রায়গঞ্জের সাংসদের। বিজেপি প্রার্থী বলেন,দলীয়ভাবে আমাদের কর্মসূচি ঠিক করা হয়। সেই মতোই প্রথম দিকে জেলার অন্যান্য বিধানসভা এলাকায় প্রচারে ব্যস্ত আমাদের সাংসদ। আগামী সপ্তাহ থেকে বড় প্রচার কর্মসূচি আছে। রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে সেই প্রচারে থাকবেন সাংসদ। বিষয়টি নিয়ে অস্বস্তি এড়াতে কার্তিক বলেন, দলীয় প্রার্থীর সঙ্গে আমরা আছি। তাঁর সঙ্গে কয়েকটি কর্মসূচি হলেও প্রকাশ্য বড় কোনো প্রচার এখনও হয়নি। তার কারণ চলতি সপ্তাহে দলের শীর্ষ নেতৃত্বের কিছু কর্মসূচি রয়েছে। তারপরই জেলার সব বিধানসভায় আমার প্রচার থাকবে। অন্তত দু’দিন রায়গঞ্জ বিধানসভাতেও জনসংযোগ করব।

সম্পর্কিত সংবাদ