সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্য বাজেটে প্রতিটি বিধানসভা এলাকায় মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেইমত আমতা বিধানসভা এলাকায় একটি মিনি স্টেডিয়াম করার ছড়াপত্র মিলল। খেলো ইন্ডিয়া কর্মসূচিতে এই স্টেডিয়াম তৈরি করতে ব্যয় হবে ৫ কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের আমলে হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়ার বাজারপাড়ায় একটি স্টেডিয়াম নির্মিত হয়েছিল। এরপর উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকায় আরও একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত হয়নি।
রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর আমতা বিধানসভা এলাকায় একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কাছে আবেদন করেন আমতার বিধায়ক অমিত সামন্ত। একদিকে অর্থমন্ত্রীর ঘোষণা, অন্যদিকে বিধায়কের আবেদন—দুইয়ের সুবাদে আমতা বিধানসভা এলাকায় তৈরি হবে মিনি স্টেডিয়াম। অমিত সামন্ত বলেন, স্টেডিয়াম তৈরির জন্য ২ একর জায়গা প্রয়োজন। বিধানসভা এলাকায় অমরাগড়ি, বেতাই এবং দক্ষিণ খালনায় তিনটি জমি চিহ্নিত হয়েছে। যার মধ্যে একটি জায়গায় মিনি স্টেডিয়াম হবে। রাজ্যে পালা বদলের পর আমতা বিধানসভা এলাকায় প্রথম মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির ছড়াপত্র দেওয়া হল। তিনি বলেন, এই অর্থবর্ষে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী ২ বছরের মধ্যে কাজ শেষ হবে। এরজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানান বিধায়ক অমিত সামন্ত। অন্যদিকে, মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির খবরে খুশি আমতা বিধানসভার বাসিন্দারা।