ফ্রান্স-৩ : ইরাক-০
ফ্রান্স-৩ : ইরাক-০
ফিলাডেলফিয়া: ড্রেসিং-রুমে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছেন খেলোয়াড়রা। ক্রিকেটে এমন দৃশ্য হামেশাই দেখা যায়। কিন্তু ফুটবলে বিরল। তবে সোমবার ক্রিকেটারদের মতোই অভিজ্ঞতা হল কিলিয়ান এমবাপে-ওসুমানে ডেম্বেলেদের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে রেকর্ড ১৩১ মিনিট খেলা বন্ধ থাকে। প্রায় ৪ ঘণ্টার ম্যাচে ইরাককে ৩-০ ব্যবধানে উড়িয়ে নক-আউটে জায়গা পাকা করেছে ফ্রান্স। জোড়া গোলে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে দেশের হয়ে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন। অপর গোলদাতা ওসুমানে ডেম্বেলে।
এবার বিশ্বকাপে নিয়ম, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাতের ঝুঁকি থাকলে খেলা বন্ধ করতে হবে। নিরাপদ পরিস্থিতি হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। সোমবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকেই বজ্রপাতের সতর্কতা আসে। এবং পরে বৃষ্টিও হয়। ফিলাডেলফিয়ার আকাশ স্বাভাবিক অবস্থায় এলে ফের চালু হয় ম্যাচ। তবে বজ্রবিদ্যুতের আগে ও পরে বদলাননি একজনই— কিলিয়ান এমবাপে। বৃষ্টি শুরুর আগেই ম্যাচের প্রথমার্ধেই ১৪ মিনিটে গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার শট বাঁক খেয়ে জালে আছড়ে পড়ে (১-০)। বৃষ্টির পর খেলা শুরু হলে ৫৪ মিনিটে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের তারকা (২-০)। এটা অবশ্য ইরাকের উপহার ছিল। ডিফেন্ডার কাসেমের ভুলে বল পেয়ে এমবাপেকে থালায় সাজিয়ে দেন ডেম্বেলে। ফাঁকা জালে বল ঠেলতে অসুবিধা হয়নি কিলিয়ানের (২-০)। সেখানেই ফিনিশ গ্রাহাম আর্নল্ডের ইরাক। এই ফ্রান্স দলের মায়াদয়া কম। ৬৬ মিনিটে তাই ওলিসের থেকে বল পেয়ে ইরাকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন ডেম্বেলে। সেই সঙ্গে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ আই-এর শীর্ষে থেকে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করল দিদিয়ের দেশঁ-ব্রিগেড।
ইরাকের বিরুদ্ধে এমবাপে যে জ্বলে উঠবেন, তা প্রত্যাশিতই ছিল। কারণ, তার কয়েক ঘণ্টা আগে ডালাসে যে মেসি জোড়া লক্ষ্যভেদ করেছেন। অর্থাত্, টুর্নামেন্টে মোট ৫টি গোল করে গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে আর্জেন্তাইন মহাতারকা। ইরাকের বিরুদ্ধে জোড়া গোল সহ মোট ৪টি লক্ষ্যভেদে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান। পাশাপাশি বিশ্বকাপে মোট গোলসংখ্যায় মিরোস্লাভ ক্লোজেকে (১৬) ছুঁয়ে ফেললেন তিনি। এখন সামনে কেবল মেসি (১৮)।