Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিভর চার ফুট ২ ইঞ্চির মা দুর্গার এবার জাপান পাড়ি, খুশি কৃষ্ণনগরের শিল্পীমহল

কৃষ্ণনগরের মৃৎশিল্পের খ্যাতি যে শুধু বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা ফের একবার প্রমাণিত হল। এবার শহরের তরুণ মৃৎশিল্পী অগ্নিভ পালের হাতে তৈরি ফাইবার গ্লাসের ছোট্টো দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে উদীয়মান সূর্যের দেশে।

অগ্নিভর চার ফুট ২ ইঞ্চির মা দুর্গার এবার জাপান পাড়ি, খুশি কৃষ্ণনগরের শিল্পীমহল
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর : কৃষ্ণনগরের মৃৎশিল্পের খ্যাতি যে শুধু বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা ফের একবার প্রমাণিত হল। এবার শহরের তরুণ মৃৎশিল্পী অগ্নিভ পালের হাতে তৈরি ফাইবার গ্লাসের ছোট্টো দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে উদীয়মান সূর্যের দেশে। কৃষ্ণনগর ষষ্ঠীতলার এই শিল্পীর তৈরি ৪ ফুট ২ ইঞ্চি উচ্চতার দুর্গাপ্রতিমা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। প্রায় তিন মাসের পরিশ্রমে প্রতিমাটি তৈরি করেছেন বছর কুড়ির অগ্নিভ।

Advertisement

জানা গিয়েছে, বুদ্ধ পূর্ণিমার সময় সূদূর জাপান থেকে এই প্রতিমার বরাত আসে। এক আত্মীয়ের মাধ্যমে অর্ডার পান অগ্নিভ। এরপর শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। ফাইবার গ্লাসের প্রতিমা হলেও এর শুরুটা হয়েছিল কিন্তু  মাটি দিয়েই। প্রথমে মাটি দিয়েই প্রতিমাটি বানানো হয়। এরপর প্রতিমার ডাইস তৈরি হয়ে ফাইবার গ্লাসে তা ট্রান্সফার করা হয়। পরে রং, সাজ সজ্জা প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। ফাইবার গ্লাসের হওয়ায় প্রতিমাটি তুলনামূলকভাবে মজবুত ও টেকসই। মাটির প্রতিমার মতো সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকায় সেটি  বিদেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তবে অগ্নিভের কথায়, মাটির প্রতিমার কাজের আলাদা সৌন্দর্য রয়েছে। মাটির মাধ্যমে শিল্পীর হাতের সূক্ষ্মতা ও  নিখুঁত কারুকাজ ভালভাবে ফুটিয়ে তোলা সম্ভব।
মৃৎশিল্পী অগ্নিভ পাল বলেন, অর্ডার পাওয়ার পর প্রায় তিন মাস ধরে প্রতিমার কাজ করেছি। নিজের হাতে তৈরি প্রতিমা বিদেশে যাবে, এটা ভেবেই খুব ভাল লাগছে। সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, কৃষ্ণনগরের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারায়। বছর কুড়ির তরতাজা যুবকের এই কীর্তিতে গর্বিত কৃষ্ণনগরের শিল্পীমহল।   কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় শেষ প্রস্তুতিতে ব্যস্ত শিল্পী অগ্নিভ পাল। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ