Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ায়

এবার বিদেশে পাড়ি দিচ্ছে শিলিগুড়ির শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা। এই শহর ছেড়ে সড়ক ও সমুদ্রপথে কয়েক হাজার কিমি দূরে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিচ্ছে তরুণ শিল্পী সঞ্জীব সাহার হাতেগড়া প্রতিমা।

শিলিগুড়ির শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ায়
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: এবার বিদেশে পাড়ি দিচ্ছে শিলিগুড়ির শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা। এই শহর ছেড়ে সড়ক ও সমুদ্রপথে কয়েক হাজার কিমি দূরে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিচ্ছে তরুণ শিল্পী সঞ্জীব সাহার হাতেগড়া প্রতিমা। বিদেশের মাটিতে বাঙালি সমাজের দুর্গাপুজোয় পূজিত হবেন ফাইবারের এই মূর্তি। শিলিগুড়ি শহরের হাকিমপাড়ার কারখানা থেকে আজ, মঙ্গলবার শুরু হচ্ছে এই অভিনব যাত্রা। 

Advertisement

বছর পঁচিশের সঞ্জীবের ছোটো থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ। সেই থেকে আঁকা শেখা শুরু।  কার্টুন চরিত্র নিয়ে বিশেষ আগ্রহ তাঁর। ছবি আঁকার পাশাপাশি পঞ্চম শ্রেণিতে পড়ার সময় খেলাচ্ছলে মাটি দিয়ে নিজের ইচ্ছায় ছোটো ছোটো মূর্তি বানানো শুরু করেন। সেই নেশাই ধীরে ধীরে তাঁকে বড়ো প্রতিমা তৈরির দিকে নিয়ে যায়। প্রথমে ছোটো প্রতিমা, পরে বড়ো দুর্গাপ্রতিমা তৈরি করে সাফল্য পাওয়ার পর প্রতিবেশী ও পরিচিতদের কাছ থেকে একের পর এক প্রতিমা তৈরির বরাত আসতে থাকে। একসময়ের শখই এখন তাঁর পেশায় পরিণত হয়েছে। 
বাড়িতেই তৈরি করেন ছোট কারখানা। এখানে দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানোর পাশাপাশি নানা ধরনের মডেলও তৈরি করেন তিনি। নিজের হাতের সূক্ষ্ম কাজের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। সেই মাধ্যমেই তাঁর শিল্পকর্ম নজরে পড়ে দক্ষিণ কোরিয়ার একটি বাঙালি সোসাইটির সদস্যদের। 
সঞ্জীবের কাজ দেখে তাঁরা যোগাযোগ করে দক্ষিণ কোরিয়ায় দুর্গাপুজোর জন্য প্রতিমা তৈরির অনুরোধ জানান। তবে বিদেশে মাটির প্রতিমা পাঠানো বড়ো চ্যালেঞ্জ। সেই কারণে মাটির পরিবর্তে ফাইবার দিয়ে প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেন শিল্পী। টানা তিন মাসের পরিশ্রমে তৈরি করেন সাড়ে চার ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা। এই প্রতিমার সাজসজ্জাতেও আছে বাঙালিয়ানার ছোঁয়া। 
শিল্পীর দাবি, শিলিগুড়ি থেকে দুর্গাপ্রতিমা এই প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে। আগামী দিনে তাঁর কাজ আরও পরিচিতি পাবে বলেই আশাবাদী সঞ্জীব। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের উৎসাহই তাঁকে এই কাজে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান তিনি। 
ক্যুরিয়ার ও শিপিং পরিষেবার মাধ্যমে প্রতিমাটি দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে। সঞ্জীব জানান, আজ মঙ্গলবার তিনি প্রতিমাটি ক্যুরিয়র কোম্পানির হাতে তুলে দেবেন। শিলিগুড়ির কারখানা থেকে সড়ক ও সমুদ্রপথে সুদূর দক্ষিণ কোরিয়া তা পৌঁছবে। সঞ্জীবের হাতে তৈরি দুর্গার এই যাত্রা যেন এক তরুণ শিল্পীর স্বপ্নপূরণের নতুন অধ্যায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ