নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের ছোঁয়া লাগতে চলেছে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। সূত্রের খবর, এবছর মোট ১২টি ট্যাবলো থাকছে স্বাধীনতা দিবসের প্যারেডে। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, ভিবি জি রামজি, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার মতো প্রকল্প নিয়ে ট্যাবলো। থাকছে কলকাতা পুরসভা, পথ নিরাপত্তা সংক্রান্ত ট্যাবলো। ঠিক একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতেও একটি পৃথক পোর্টাল থাকবে বলেও সূত্রের খবর। এবছরই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে ট্যাবলো থাকছে এই অনুষ্ঠানে। একইসঙ্গে প্রাধান্য পাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের প্রচারও। ওইদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে মূল অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। একঘণ্টা ধরে চলবে অনুষ্ঠান। জঙ্গি হামলার হুমকির আবহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও সুনিশ্চিত করা হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে।



