মুম্বই, ৯ এপ্রিল: প্রয়াত কিংবদন্তী প্রবীণ টেস্ট ক্রিকেটার সিডি গোপীনাথ। মৃত্যুকালে প্রাক্তন এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ছিলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ জীবিত সদস্য। ২০২৪ সালে দত্তা গায়কোয়াড়ের মৃত্যুর পর তিনিই ছিলেন ওই দলের শেষ প্রতিনিধি। আজ, বৃহস্পতিবার চেন্নাইয়ের আদ্যারে নিজের মেয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চেন্নাইতে জন্মগ্রহণ করেন ডান হাতি ব্যাটার গোপীনাথ। ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হওয়া টেস্টে অপরাজিত ৫০ এবং অপর ইনিংসে ৪২ রানের সুবাদে জাতীয় দলে নির্ভরযোগ্য স্থান অধিকার করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ভারত প্রথমবার জয়ী হয়। চেন্নাইয়ে হওয়া সেই টেস্ট ম্যাচে ৩৫ রান করেছিলেন গোপীনাথ। নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচও।



