নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক পালাবদলের জেরে বদলে যাবে কি রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নের রং? মঙ্গলবার নবান্ন সভাঘরের একটি দেওয়ালে গেরুয়া রঙের নানা শেড ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আর এর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে নবান্নে রং বদলের। পূর্তদপ্তর সূত্রের খবর, কোন রংটি দেখতে ভালো লাগছে তা দেখে নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই কারণেই নবান্ন সভাঘরের বাইরের দেওয়ালের একটি অংশে রং করে সেই পরীক্ষা বা ট্রায়াল চালানো হচ্ছে।
রাজ্য প্রশাসনের সদর দপ্তর রাইটার্স বিল্ডিংস থেকে নবান্নে সরে যায় ২০১৩ সালের ৫ অক্টোবর। এটি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। তখনই তাঁর নির্দেশে রাজ্য সরকারের অন্যান্য বাড়ি ও ব্রিজের মতো নীল-সাদা রং পায় নবান্ন। এবার পালাবদলের পর একাধিক জায়গায় নীল-সাদার বদলে গেরুয়া প্রলেপ দেওয়া শুরু হয় আগেই। মঙ্গলবার নবান্ন সভাঘরের বাইরের দেওয়ালেও দেখা গেল গেরুয়া প্রলেপ! স্বভাবতই প্রবল সম্ভাবনা তৈরি হল নবান্নের রং বদলের। তবে সূত্রের খবর, নবান্নের মূল বাড়িটির আগে নবান্ন সভাঘরের বাইরের রং বদল করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, পালাবদলের পরপরই রাইটার্স বিল্ডিংস থেকে শুরু করে নবান্ন সাজিয়ে তোলা হয়েছিল গেরুয়া আলোয়। তারপর থেকেই নবান্নের রং বদল নিয়ে জল্পনা চলছিল। তবে হেরিটেজ তকমা থাকায় তৃণমূল সরকারের মতো নতুন সরকারের রং বদলের তৎপরতার হাত থেকে রেহাই পাচ্ছে রাইটার্স বিল্ডিংস।
অন্যদিকে, নবান্নের রং বদল হলে রাজ্য সরকারের অন্যান্য অফিসের রং বদলে যাওয়াও স্বাভাবিক। এই রং বদল প্রক্রিয়ায় মোট কত টাকা খরচ হবে? সেই হিসাবও কষছে নবান্ন। তবে শুধু সরকারি বাড়ির রং নয়, ইতিমধ্যে রাজ্য সরকারি পোর্টালগুলিরও রং বদল নজর কেড়েছে সকলের। নীলের জায়গায় এসেছে গেরুয়া। নিজস্ব চিত্র