Bartaman Logo
১০ জুন, ২০২৬

নদীয়ায় টেক্সটাইল হাব সহ একগুচ্ছ পরিকল্পনা, দিল্লিতে নির্মলা-শমীক বৈঠকে বাংলার জন্য ‘বিশেষ’ ঘোষণা

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্র বার্তা দিয়েছে, শিল্পায়নের লক্ষ্যে বাংলায় একের পর এক পদক্ষেপ নেওয়া হবে। বাংলার জন্য ‘বিশেষ’ ঘোষণার পথেও হাঁটছে কেন্দ্রীয় সরকার।

নদীয়ায় টেক্সটাইল হাব সহ একগুচ্ছ পরিকল্পনা, দিল্লিতে নির্মলা-শমীক বৈঠকে বাংলার জন্য ‘বিশেষ’ ঘোষণা
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্র বার্তা দিয়েছে, শিল্পায়নের লক্ষ্যে বাংলায় একের পর এক পদক্ষেপ নেওয়া হবে। বাংলার জন্য ‘বিশেষ’ ঘোষণার পথেও হাঁটছে কেন্দ্রীয় সরকার। তবে শুধুই শিল্পায়ন নয়। মোদি সরকার রাজ্যকে সুস্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সম্পদে ভরপুর। যথাযথ পদক্ষেপ করে সেইসব সম্পদ কাজে লাগানো হবে। এর ফলে পালটে যাবে বাংলার সার্বিক অর্থনৈতিক ছবিই। হবে বিপুল কর্মসংস্থান। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। সেই বৈঠকেই বাংলায় প্রাকৃতিক সম্পদের ভাঁড়ার নিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।  বলা হয়েছে, অশোকনগর, রানাঘাট থেকে তেল উত্তোলনের সুযোগ আছে। ঝাড়গ্রামে রয়েছে ম্যাঙ্গানিজ। পুরুলিয়ায় রেয়ার আর্থ ও মিনারেল। এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের তাঁত শিল্প নিয়ে আলাদাভাবে খোঁজ নিয়েছেন শমীকবাবুর কাছে। সরকারি সূত্রের খবর, নদীয়ায় ‘টেক্সটাইল হাব’ তৈরির ব্যাপারে নিজে উদ্যোগ নিতে চেয়েছেন নির্মলা। 

Advertisement

শনিবার শমীকবাবু বলেন, ‘রাজ্যে যাবতীয় পরিকাঠামো রয়েছে। এবার প্রয়োজন জমির। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকার জমি নীতিতে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। রাজ্যে যে প্রাকৃতিক সম্পদের বিপুল ভাঁড়ার রয়েছে, সেই ব্যাপারে নির্মলা সীতারামন ওয়াকিবহাল। এব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। টেক্সটাইল হাব তৈরির ব্যাপারেও কেন্দ্র পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যে আসতে পারে এফডিআই।’ পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিপুল আর্থিক ঋণের বোঝা চেপেছে বাংলার ঘাড়ে। এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে তাই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বাংলার জন্য কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক সহযোগিতা চাওয়ার ব্যাপারে তৎপর হয়েছে বিজেপি সরকার। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বৈঠক হয়েছিল, সেখানেও এব্যাপারে আলোচনা হয়েছে। একইভাবে শনিবারও নির্মলা সীতারামনের সঙ্গে শমীক ভট্টাচার্যের বৈঠকে রাজ্যের জন্য বিশেষ আর্থিক সহযোগিতার প্রসঙ্গ উঠেছে। জানা যাচ্ছে, রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী মাসেই বাংলায় যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর সম্ভাব্য ওই বঙ্গ সফরে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক হবে। 
বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওই সফরের আগেই রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি করে ফেলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির এক অন্যতম শীর্ষ নেতা ‘বর্তমান’কে জানিয়েছেন, ‘আর বড়োজোর এক সপ্তাহ। এর মধ্যেই বাংলায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হয়ে যাবে। মন্ত্রিসভায় নবীন এবং প্রবীণের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।’ দলীয় সূত্রে জানা যাচ্ছে, কাল, সোমবার রাজ্যে যাচ্ছেন বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। রাজ্য সরকারের আর্থিক ঘাটতি এবং সেই সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার ব্যাপারে শনিবার শমীকবাবু বলেন, ‘এক বছর বাংলার সরকারকে সময় দিতে হবে। অর্থনৈতিক ঘাটতি যে আছে, তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানেন। কীভাবে এর থেকে বেরনো সম্ভব, তা নিয়েই চিন্তাভাবনা চলছে। তবে আর্থিক ঘাটতি থাকলেও যাবতীয় প্রতিশ্রুতি বিজেপি সরকার পূরণ করবে। ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ