Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একগুচ্ছ উন্নয়নের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে, আরামবাগের সার্বিক বিকাশে এককাট্ট বিধায়করা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকে আরামবাগ মহকুমার উন্নয়নে গুচ্ছ প্রস্তাব রাখলেন বিধায়করা

একগুচ্ছ উন্নয়নের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে, আরামবাগের সার্বিক বিকাশে এককাট্ট বিধায়করা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকে আরামবাগ মহকুমার উন্নয়নে গুচ্ছ প্রস্তাব রাখলেন বিধায়করা। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলাকে নিয়ে সেই বৈঠক হয়। তাতে হুগলি জেলা ও আরামবাগ মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছিলেন। একইসঙ্গে হাজির হন আরামবাগ মহকুমার চার বিধায়ক। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের সুশান্ত ঘোষ, আরামবাগের হেমন্ত বাগ ও গোঘাটের প্রশান্ত দিগার ছিলেন। আরামবাগ মহকুমার বিভিন্ন থানার ওসি, আইসি সহ পুলিশ প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন। 

Advertisement

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার গড়েছে। তারপর এদিনই সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকে হুগলি জেলার আধিকারিক ও বিধায়করা কল্যাণীতে যান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যা মোকাবিলা, দ্বারকেশ্বরে বিকল্প সেতু, রাজা রামমোহন রায়ের জন্মস্থানের উন্নয়ন সহ একাধিক প্রস্তাব রাখেন বিধায়করা। বিধায়কদের প্রস্তাব খতিয়ে দেখে সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি, বেআইনি মদের ভাটির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে খবর। 
পুরশুড়ার বিধায়ক বলেন, রামমোহনের জন্মস্থানকে সাজানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি। এছাড়া পুরশুড়ায় একটি ভেজিটেবল হিমঘর, আরামবাগে দ্বারকেশ্বর নদে রামকৃষ্ণ সেতুর পাশে বিকল্প ব্রিজের দাবিও জানিয়েছি। মুখ্যমন্ত্রী সেসব সমাধানের আশ্বাস দিয়েছেন। বন্যা মোকাবিলা করতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। বর্ষার আগে নদী বাঁধগুলি মেরামতির জন্যও বলেছি। এছাড়া খুশিগঞ্জ থেকে কোটালপাড়া বেহাল রাস্তা মেরামতির দাবিও জানিয়েছি। 
খানাকুলের সুশান্তবাবুও বন্যা মোকাবিলা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখার দাবি জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কয়েকটি পঞ্চায়েত এলাকায় লোডশেডিংয়ের সমস্যা রয়েছে। সেগুলিতে সমাধানের আর্জি জানিয়েছি। 
বিধায়করা বলেন, মুখ্যমন্ত্রী আরামবাগ মহকুমার বিষয়গুলি সম্বন্ধে ওয়াকিবহাল রয়েছেন। ফলে তিনি সংশ্লিষ্ট দপ্তকে প্রস্তাব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিধায়করা এদিন মহকুমার হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো, পরিষেবা নিয়েও আর্জি জানান। এক বিডিও বলেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে বন্যা মোকাবিলা, হাসপাতাল সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে হাসপাতালের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে সমাধান করব। পুলিশের এক আধিকারিক বলেন, বেআইনি মদের ভাটির বিরুদ্ধে বিগত দিনেও একাধিকবার অভিযান চালানো হয়েছে। এবার আরও কড়া অবস্থান নেওয়া হবে। 
উল্লেখ্য, আরামবাগ মহকুমার মানুষের সেতু, বন্যা মোকাবিলা সহ একাধিক দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে। বিগত সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তা পূরণ হয়নি। সদ্য নির্বাচিত বিধায়করা সেইসব দাবি পূরণে ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন। সেইসব সমস্যা সমাধানে সদ্য গঠিত রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছেন বাসিন্দারা। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ