নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমজমাট রবিবারে আজ হাড্ডাহাড্ডি লড়াই। নিজেদের ঘরের মাঠেই তাদের প্রথম জয় নিশ্চিত করল কলকাতা। এদিন কলকাতার বিরুদ্ধে মাঠে নামে রাজস্থান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। রাজস্থানের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসেন সূর্যবংশী ও জয়সওয়াল। শুরুটা বেশ ভালোই করে এই জুটি। ৮ ওভারে প্রথম ধাক্কা খায় রাজস্থান । ৪৬ রান করে আউট হয়ে যান দুরন্ত সূর্যবংশী। দলের রান তখন ৮১। এরপর হাল ধরতে আসেন জুরেল। কিন্তু মাত্র ৫ রানে আউট হয়ে ফিরে যেতে হয় তাঁকেও। দলের দুই উইকেট পড়ার পর দায়িত্ব নিয়ে মাঠে আসেন অধিনায়ক পরাগ। কিন্তু পরাগ- জয়সওয়ালের পার্টনারশিপ গড়ে ওঠার আগেই আরেকটি বড় ধাক্কা খায় রাজস্থান। ৩৯ রান করে ফিরে যান জয়সওয়ালও। জয়সওয়াল আউট হওয়ার পর চতুর্থ ধাক্কাটি খায় রাজস্থান। মাত্র ১২ রান করে ফিরে যেতে হয় অধিনায়ক পরাগকেও। আজকের ম্যাচে রাজস্থানের হয়ে বড় রানের ইনিংস কেউই খেলতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে রাজস্থান তোলে ১৫৫ রান।



