পুজোর দশদিন আমার ডায়েটের ছুটি: স্বস্তিকা মুখোপাধ্যায়
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্গাপুজোর পরিকল্পনা শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement

সারা বছর কাজেকম্মে ব্যস্ততায় সময় কেটে যায়। মা, বাবা যে নেই সেই মনখারাপ কাজের অজুহাতে দূরে রাখি। কিন্তু পুজোর সময় বড্ড মনকেমন করে। মা, বাবাকে ছাড়া ফাঁকা বাড়িতে একা ফেরা এখন অভ্যেস হয়ে গিয়েছে। তবুও পুজোর দিনগুলোতে শূন্যতা বড়ো বেশি অনুভব হয়। আমাদের বাড়িতে পুজো হয়। ঘটে পুজো। মা করতেন। তারপর আমি করি। সেজন্য মহালয়া থেকে দশমী পর্যন্ত কলকাতা ছেড়ে কোথাও যাই না। মায়ের দিয়ে যাওয়া দায়িত্ব পালন করি।
পুজোর সময় কিন্তু ফ্যাশন মানে শুধু শাড়ি। সারা বছর অনেক জায়গায় যাই। সেখান থেকে কিনি। শাড়ি জমতে জমতে পাহাড় হয়ে যায়। আমার আগের বছরের পুজোর সবকটা শাড়ি এখনও পরা হয়নি। সেগুলোও আছে। নতুন তো আছেই। আমি এমনিতে খুব একটা মেকআপ করতে পছন্দ করি না। শাড়ি, গয়না, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। ব্যাস, সাজ কমপ্লিট। 
ভোগপ্রসাদ আমার খুব প্রিয়। এখন টেলিভিশনে কাজ করছি বলে খাওয়াদাওয়া নিয়ে একটু সচেতন থাকতে হচ্ছে। তবে সারা বছর সচেতন থাকব। পুজোর দশদিন আমার ডায়েটের ছুটি।