নয়াদিল্লি: রাস্তার পিচ গলে চিকচিক করছে। ছেঁকা দিচ্ছে ফুটপাতের রেলিং। ঝলসে যাওয়ার জোগার চোখ-মুখ। ওয়েদার ট্র্যাকারগুলি জানান দিচ্ছে, বিশ্বের উষ্ণতম ১০০ শহরের তালিকায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ। গত সপ্তাহে ১০০টির মধ্যে ৯৯টিই ছিল ভারতের। এবার ১০০-তে ৯৭। বাকি তিনটি নেপালের। চলতি সপ্তাহে উষ্ণতম স্থানের এই বিশ্ব তালিকায় শীর্ষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ওড়িশার বালাঙ্গির (৪৮ ডিগ্রি সেলসিয়াস), বিহারের সাসারাম (৪৮ ডিগ্রি সেলসিয়াস) ও উত্তরপ্রদেশের বারাণসী (৪৭ ডিগ্রি সেলসিয়াস)। নাম রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচ শহরেরও। সেগুলি হল কুলটি, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বহরমপুর। রিপোর্ট বলছে, বঙ্গের এই পাঁচ শহরেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড রয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তালিকায় ৬১ থেকে ৭৩তম স্থানের মধ্যে নাম রয়েছে রাজ্যের পাঁচটি শহরের। লাইভ গ্লোবাল টেম্পারেচার র্যাংকিং সংস্থা একিউআই এই তালিকা প্রকাশ করেছে।
২২মে দুপুর ২.৪৯ মিনিটে একিউআই-এর লাইভ তথ্য বলছে, বিশ্বের ১০০টি উষ্ণতম শহরের মধ্যে একেবারে প্রথমদিকে রয়েছে ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলির বিভিন্ন স্থান। তালিকায় নেপালের যে তিনটি শহর রয়েছে সেগুলি ধানগাধি, নেপালগঞ্জ ও লুম্বিহনী সাংস্কৃতিক। ভারতের যে ৯৭টি শহর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের। এর মধ্যে বারাণসী, প্রয়াগরাজ, মির্জাপুর, গাজিপুর, বান্দা ও ফতেপুরের নাম ছিল গত সপ্তাহের তালিকাতেও। শহরের সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের ঠিক পরেই রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বিশেষ করে বিদর্ভ অঞ্চলের চাঁদপুর, নাগপুর, ওয়ারধা ও অমরাবতীর মতো শহর অসহ্য দাবদাহের সাক্ষী হচ্ছে। ছত্তিশগড় থেকে স্থান পেয়েছে রায়পুর, বিলাসপুর, ভিলাই ও দুর্গ। ওড়িশায় বালাঙ্গির (তালিকায় শীর্ষে) ও রৌরকেলার মতো শহরগুলিতেও দিনের বেলা ঝলসে দেওয়ার মতো তাপপ্রবাহ চলছে। লাইভ র্যাংকিং প্ল্যাটফর্মে দেশের এই ৯৭ শহরকেই ‘চরম উষ্ণ’ বলে চিহ্নিত করা হয়েছে। অভিনব বিষয় হল, উষ্ণতার নিরিখে রাজস্থানের চিরাচরিত মরু শহরগুলির সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে মধ্য ও পূর্ব ভারতের শহরগুলিও। বস্তুত, প্রথমে দশে রাজস্থানের একটিও শহর নেই। দেখা যাচ্ছে, বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশার শহরগুলিও বিশ্বের শীর্ষ উষ্ণতম স্থানের তালিকায় জায়গা করে নিতে শুরু করেছে।