Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় লোক আদালতে একদিনেই সাড়ে নয় হাজার মামলার নিষ্পত্তি

জাতীয় লোক আদালতে একদিনেই সাড়ে ৯ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। আর্থিক মূল্য ১২ কোটি টাকা, দ্রুত ন্যায়বিচার পেয়ে খুশি মানুষ। বিস্তারিত পড়ুন।

জাতীয় লোক আদালতে একদিনেই সাড়ে নয় হাজার মামলার নিষ্পত্তি
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘদিন আইনি জটিলতায় আটকে থাকা বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হল জাতীয় লোক আদালতে। শনিবার জেলা জুড়ে আয়োজিত বিশেষ শিবিরের মাধ্যমে একদিনেই নিষ্পত্তি হয়ে গেল প্রায় সাড়ে  ৯ হাজার মামলা। 

Advertisement

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এবারের আদালতে শুনানির জন্য জেলাজুড়ে মোট প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়েছিল, যার একটি বড় অংশেরই এদিন স্থায়ী সমাধান সম্ভব হয়েছে। বছরের প্রথম দিকে মার্চ মাসে এসআইআর এবং মে মাসে নির্বাচনের ব্যস্ততার কারণে লোক আদালতের আয়োজন সম্ভব হয়নি। ফলে স্বাভাবিকভাবেই বিচারপ্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছিল। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতেই এদিন সিউড়ি, বোলপুর ও রামপুরহাট—জেলার এই তিন মহকুমা আদালত চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। মামলার এই পাহাড়প্রমাণ চাপ সামলাতে ও দ্রুত শুনানির লক্ষ্যে তৈরি হয়েছিল মোট ২০টি বিশেষ বেঞ্চ, যেখানে সকাল থেকেই শুরু হয় আইনি জট ছাড়ানোর প্রক্রিয়া।
এবারের লোক আদালতে মূলত দু’পক্ষের সহমত্যের ভিত্তিতে মিটমাট যোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কোনো দীর্ঘমেয়াদি আইনি লড়াই বা আদালতের চক্করে না গিয়ে, স্রেফ পারস্পরিক আলোচনার মাধ্যমে বহু পুরানো পারিবারিক বিবাদ, ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত জটিলতা এবং পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ের মতো মামলার সহজ সমাধান মিলেছে এদিন। শুধু মামলার সংখ্যাই নয়, আর্থিক দিক থেকেও শনিবারের লোক আদালত এক বিশাল সাফল্য পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এদিন নিষ্পত্তি হওয়া মামলাগুলির মোট আর্থিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। এর মধ্যে কেবল পথ দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে প্রায় সাত কোটি টাকা ও ট্রাফিক আইন লঙ্ঘন ও মোটর ভেহিকল সংক্রান্ত জরিমানা বাবদ আদায় হয়েছে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা। একদিকে যেমন আদালতের দীর্ঘদিনের ফাইলের চাপ কমায় স্বস্তিতে প্রশাসন, অন্যদিকে তেমনই চটজলদি ন্যায়বিচার পেয়ে খুশি জেলার মানুষ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক বলেন, চলতি বছরে এটি দ্বিতীয় জাতীয় লোক আদালত। আর এখানেই আমরা প্রায় সাড়ে ৯ হাজার মামলার জট কাটাতে পেরেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ