Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৯১টি ফৌজদারি মামলা! জামিন পেয়েই বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ

চর্চাই সত্যি হল! কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন জেল ফেরত ‘দাগি’ রাকেশ সিং! সোমবারই কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল রাকেশকে।

৯১টি ফৌজদারি মামলা!  জামিন পেয়েই বন্দরে বিজেপি প্রার্থী রাকেশ
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চর্চাই সত্যি হল! কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন জেল ফেরত ‘দাগি’ রাকেশ সিং! সোমবারই কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল রাকেশকে। এক লক্ষ টাকার বন্ডে। এরপরই ঩সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিষোদ্গারের সঙ্গে ভোট লড়াইয়ের ইঙ্গিতও দেন রাকেশ। মঙ্গলবার জেল থেকে বের হওয়ার পর বিজেপির পতাকা সহকারে শোভাযাত্রা করে ঢাক-ঢোল বাজিয়ে, আতশবাজি জ্বালিয়ে তাঁকে বরণ করে নিয়ে যায় অনুগামীরা। দীর্ঘ মিছিলে অংশ নেন বিজেপির এই নেতা। রাতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বিস্তর আলাপ-আলোচনার পর রাকেশ সিংয়ের প্রার্থী পদে ‘সিলমোহর’ দেয় দীনদয়াল ভবন। বুধবার সকালে বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম লিখিত আকারে জানান। 

Advertisement

কলকাতা পুলিশের ক্রাইম রেকর্ড সেকশনের পরিসংখ্যান বলছে, মোট ৯১টি ফৌজদারি মামলা রয়েছে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে।  খুনের চেষ্টা,  তোলাবাজি, ডাকাতি, মাদক আইন, অস্ত্র আইন, হাঙ্গামা পাকানো ও  সরকারি সম্পত্তি ধ্বংসের মতো জামিন অযোগ্য প্রায় সব ধারাতেই। পাশাপাশি, কলকাতার আলিপুর, একবালপুর, ওয়াটগঞ্জের মতো থানার রাফ রেজিস্টারে নাম রয়েছে এই রাকেশের। সেই নিরিখে পুলিশের নজরে রাকেশ সিং একজন ‘হিস্ট্রি শিটার’। এহেন দাগি নেতাকেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বন্দর কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। গোটা রাজ্যে ২৯৩ আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হলেও, রাকেশ সিংয়ের ‘প্রতীক্ষাতেই’ কলকাতা বন্দরের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব।  
কে এই রাকেশ সিং? বন্দর এলাকার অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। যৌবনে ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত কাঠ বা তক্তা বিক্রি করে জীবন চলত কোনোমতে। ওয়েস্টপোর্ট থানা এলাকায় এক দক্ষিণ ভারতীয় নেতা খুনের মামলায় প্রথম ‘লাইম লাইটে’ আসেন রাকেশ সিং। একবালপুরের একাধিক বেসরকারি হাসপাতাল, আলিপুর চিড়িয়াখানা, পাঁচতারা হোটেলের কর্মী সংগঠনের নেতা হিসাবে ধীরে ধীরে উত্থান। গোড়াতে কংগ্রেস রাজনীতিতে নাম লেখান তিনি। সোমেন মিত্র, অধীর চৌধুরি, দীপা দাশমুন্সির মতো নেতা-নেত্রীর ছত্রচ্ছায়ায় ছিলেন। পরে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে নাম লেখান। বর্তমানে দুবাই ও কলকাতায় ইন্টেরিয়র ব্যবসা রয়েছে রাকেশ সিংয়ের। 
একটা সময় দারিদ্রের সঙ্গে লড়াই করা রাকেশ সিংয়ের মামলা সুপ্রিম কোর্টে লড়েছেন রাম জেঠমালানির মতো দেশের প্রথম সারির সেরা আইনজীবীরা। তাঁর আইনজীবী তালিকায় রয়েছেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা সাংসদ বাঁশরী স্বরাজও। এহেন রাকেশ সিংকে নিয়ে আদি বিজেপি শিবিরে অস্বস্তি রয়েছে। এমনকি বিদেশে তাঁর গতিবিধি নিয়েও একটা সময় গোপনে খোঁজ খবর করেছে খোদ গেরুয়া পার্টি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ