নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জঙ্গি মডিউল ভাঙা ও প্রযুক্তির সাহায্যে তাদের চিহ্নিতকরণের জন্য প্রশিক্ষণ নিতে কলকাতা পুলিশের ন’জন ইনসপেক্টর দিল্লি যাচ্ছেন এনআইএর প্রশিক্ষণ নিতে। ২৪ সপ্তাহের প্রশিক্ষণে তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণ শেষে কলকাতায় ফিরে তাঁদের নিয়ে তৈরি করা হবে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। কলকাতা ছাড়াও রাজ্য পুলিশের বেশ কয়েজন অফিসারের এই প্রশিক্ষণে যাওয়ার কথা। নতুন সরকার এনআইএর ধাঁচে এসআইএ তৈরি করবে। জঙ্গি দমনসহ দেশবিরোধী কাজের তদন্তের দায়িত্ব দেওয়া হবে তাদের। সেই কারণে জাতীয় তদন্তকারী সংস্থা কীভাবে তদন্ত করে, তা জানা জরুরি এখানকার অফিসারদের। কলকাতা পুলিশের ন’জন ইনসপেক্টরকে বাছাই করে এই প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, জঙ্গি নেটওয়ার্ক কীভাবে বিশ্বজুড়ে কাজ করছে, সে সংক্রান্ত নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর।



