Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিল করে দেওয়া দোকান থেকে ৮৭টি বন্দুক উদ্ধার পুরুলিয়ায়

পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডে সিল করে দেওয়া দোকান থেকে প্রায় ৮৭টি বন্দুক উদ্ধার করল এসটিএফ।

সিল করে দেওয়া দোকান থেকে ৮৭টি বন্দুক উদ্ধার পুরুলিয়ায়
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডে সিল করে দেওয়া দোকান থেকে প্রায় ৮৭টি বন্দুক উদ্ধার করল এসটিএফ। বৃহস্পতিবার সকালে শহরের দশেরবাঁধ মোড় এলাকায় ওই দোকানে হানা দেয় এসটিএফ। তারপরই বন্দুকগুলি উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছর সেপ্টেম্বর মাসে প্রথম পুরুলিয়া শহরের দশের বাঁধ মোড় এলাকায় থাকা পুরুলিয়া ‘গান হাউস’-এ হানা দেয় এসটিএফ। দোকানের বেশকিছু বন্দুক অবৈধভাবে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সেই সময় এসটিএফ দোকানের মহিলা মালিক সহ দু’জনকে গ্রেপ্তার করেছিল। ওই দোকানের মহিলা মালিক জেলে রয়েছে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছর কলকাতায় একটি বহুতলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করে এসটিএফ। সেই সময়ই দোকানটি সিল করে দিয়েছিল এসটিএফ ও পুলিশ। তারপর থেকে ওই দোকান সিল করে রাখা ছিল। বৃহস্পতিবার ফের এসটিএফের টিম ওই দোকানে আসে। তারা গোটা এলাকা ঘিরে ফেলে। তারপর বন্দুকগুলি উদ্ধার করে। দোকান মালিকের পরিবারের এক বৃদ্ধা বলেন, এদিন পুলিশ এসে দোকান খুলে বন্দুকগুলি নিয়ে গিয়েছে। আগে ওই দোকান এক বউমা চালাত। সে জেলে রয়েছে। তারপর থেকে দোকান বন্ধই ছিল। এর বেশি কিছু জানি না। জানা গিয়েছে, ওই দোকানটি সিল করা থাকলেও ভোটের আগে এক দোকানে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র রাখা নিরাপদ নয় ভেবেই সেগুলি নিজেদের হেপাজতে নিয়েছে এসটিএফ। তবে এবিষয়ে এসটিএফের আধিকারিকরা কিছু মন্তব্য করতে চাননি। বহু মানুষ ওই দোকানের বিষয়ে খোঁজ নেয়। ওই দোকানে বন্দুক বিক্রির পাশাপাশি সারানোও হত। অনেক লাইসেন্সপ্রাপ্ত বন্দুক সেখানে সারানোর জন্য রাখা ছিল। তার একাংশও অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ