নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিনে ৮১ জনের চোখের ছানি অপারেশন করলেন চিকিৎসকরা। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ বলে দাবি মেডিকেল কর্তৃপক্ষের। বৃহস্পতিবার চক্ষু বিভাগের চারজন চিকিৎসক ৮১ জন রোগীর চোখের ছানি অপারেশন করেছেন। রোগীদের মধ্যে আরামবাগ মহকুমা ছাড়াও পাশের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি জেলার বাসিন্দারাও ছিলেন। আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, বিগত দিনে গড়ে ৫০ থেকে ৬০ জনের চোখের ছানি অপারেশন হত। কিন্তু, এদিন তা ৮১ জনের হয়েছে। আরামবাগ মেডিকেলে এই প্রথম এত বিপুল সংখ্যক রোগীর অপারেশন করা হল।



