Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এনসিবি ও পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪ কেজি গাঁজা, ধৃত দুই

নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও ভক্তিনগর থানার পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪.৫ কেজি গাঁজা। গ্রেপ্তার দুই পাচারকারী।

এনসিবি ও পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪ কেজি গাঁজা, ধৃত দুই
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও ভক্তিনগর থানার পৃথক অভিযানে বাজেয়াপ্ত ৮০৪.৫ কেজি গাঁজা। গ্রেপ্তার দুই পাচারকারী। পুলিশ ও এনসিবির অভিযানে গাঁজা পাচারকারীদের এই বড় চক্র জালে ধরা পড়তেই শিলিগুড়িকে করিডর করে মাদক পাচারের রমরমা ব্যবসার ফের পর্দাফাঁস হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন কদমতলা এলাকায় একটি বাঁশ বোঝাই কনটেইনার আটক করেন এনসিবি আধিকারিকরা। সেটির ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাননি আধিকারিকরা। এরপরেই চালকের আসনের পিছনের দিকে থাকা গোপন চেম্বারে নজর পড়ে আধিকারিকদের। সেখানেই ভালো করে প্যাকেটে জড়িয়ে রাখা আট কুইন্টাল গাঁজা উদ্ধার করে পুলিশ। এরপরেই চালক কুলদীপ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত উত্তরপ্রদেশের বাসিন্দা। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে অরুণাচল থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল। অরুণাচল ও উত্তরপ্রদেশ ছাড়াও বিভিন্ন রাজ্যের মাদক পাচারকারীদের এই চক্রে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এনসিবি এবিষয়ে তদন্ত শুরু করেছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িকে করিডর করে যখনই এই ধরনের মাদক পাচারের চেষ্টা চলবে তখনই অভিযান চালানো হবে। শিলিগুড়ির একাধিক মাদক পাচারকারীর উপরেও এবিষয়ে বাড়তি নজর রাখা হচ্ছে।
অন্যদিকে, শনিবার বিকেলে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া সংলগ্ন প্রশান্ত মার্গ এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। সেখানে মুদি ও সবজির দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ উঠছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রণজিৎ সিং। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাড়ি থেকেই গাঁজা সহ একাধিক মাদক সামগ্রী বিক্রি করত বলে স্থানীয়দের অভিযোগ। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে থাকা সত্ত্বেও দিনের পর দিন এই ব্যবসা চালানোর কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। 
স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, কেউ প্রতিবাদ করলে পালটা হুমকি, মারধর করত অভিযুক্ত। এদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করায় এলাকার মানুষ খুশি। স্থানীয়রা পুলিশকে ওই এলাকার আরও একাধিক জায়গায় অভিযান চালিয়ে মদ ও মাদকের ঠেক ভাঙার জন্য আবেদন জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ