মুম্বই: একে প্রবল বৃষ্টি, তার উপর রাস্তায় গর্ত! তীব্র যানজটে রোজ ভোগান্তি পোহাচ্ছে মুম্বইবাসী। সমস্যা মোকাবিলার রাস্তা কংক্রিট করতে ১৭ হাজার কোটি টাকার কাজ চলছে। কিন্তু এরইমধ্যে রাস্তায় খানাখন্দ নিয়ে অভিযোগের পাহাড় জমছে। গত ১০ জুন থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় দু’মাসে আট হাজারের বেশি এধরনের অভিযোগ জমা পড়েছে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-তে। পুর কর্তৃপক্ষের দাবি, এরমধ্যেই ৭,৮২৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে।
শহরের ২৬টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পূর্ব শহরতলির এলাকায়। গত বছরও বর্ষায় একই সমস্যা দেখা দিয়েছিল। ১৫ অগস্ট পর্যন্ত বিএমসির কাছে রাস্তার খানাখন্দ সংক্রান্ত ৮,৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছিল। এ বছর সেই সংখ্যা কিছুটা কম। তবে উদ্বেগ অন্য জায়গায়। অভিযোগ সত্ত্বেও রাস্তা কংক্রিট করার প্রকল্প থামায়নি বিএমসি। কোটি কোটি টাকা খরচে ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ তারা চালিয়ে যাচ্ছে এখনও। পুরসভার তথ্য অনুযায়ী, বর্ষার কারণে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ। কিন্তু এর মধ্যেই ৪৭৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ কংক্রিট করা হয়েছে। বিএমসির দাবি, শুধু অভিযোগের সংখ্যা দিয়ে পরিস্থিতির বিচার করা ঠিক হবে না। কারণ গত বছরের একই সময়ের তুলনায় এবার গর্ত মেরামত করতে ব্যবহৃত ম্যাস্টিকের পরিমাণ অনেক কমেছে।