Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ওটিপি, পিন ছাড়াই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৮ লক্ষ!

তাঁর কোনো ইউপিআই অ্যাপ নেই। চেক কিংবা ডেবিট কার্ডেই টাকা তোলেন। অনলাইন ব্যাংকিংও করেন না। অথচ, অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল প্রায় ৮ লক্ষ টাকা! কোনো ওটিপি আসেনি।

ওটিপি, পিন ছাড়াই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৮ লক্ষ!
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তাঁর কোনো ইউপিআই অ্যাপ নেই। চেক কিংবা ডেবিট কার্ডেই টাকা তোলেন। অনলাইন ব্যাংকিংও করেন না। অথচ, অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল প্রায় ৮ লক্ষ টাকা! কোনো ওটিপি আসেনি। ফোন করে কেউ জানতেও চায়নি ডেবিট কার্ডের পিন। এমন অদ্ভুতুড়ে ঘটনায় হতবাক লেকটাউনের এক চিকিৎসক। ব্যাংকে যাওয়ার পর বিষয়টি নজরে আসে তাঁর। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশকে ওই চিকিৎসক জানিয়েছেন, বেশিরভাগ সময় তিনি চেক দিয়ে ব্যাংক থেকেই টাকা তোলেন। মায়ের শারীরিক সমস্যার জন্য তিনি কয়েকদিন ব্যাংকে যাননি। সম্প্রতি ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে আর কোনো ব্যালেন্স নেই! গচ্ছিত রাখা প্রায় ৮ লক্ষ টাকা উধাও। বিষয়টি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে নথিভুক্ত করে তিনি পুলিশের দ্বারস্থ হন।
অন্য একটি ঘটনায় সাড়ে ৯ লক্ষ টাকার সাইবার প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের এক প্রৌঢ়। ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে সাইবার প্রতারকরা তাঁকে ফোন করে। কেওয়াইসি আপডেট করার কথা বলে। প্রতারকরা তাঁকে জানায়, ফোনের মাধ্যমেই সবটা হয়ে যাবে। তার জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কল করলেই হবে। সেই কথায় বিশ্বাস করে তিনি ভিডিও কল করেন। তবে কথাবার্তা শুনেই বুঝতে পারেন, ব্যাংক ম্যানেজারের কল নয়। তখন তিনি ফোন কেটে দেন। নম্বরটিও ব্লক করে দেন। কোনো ওটিপি, পিন বা অন্যান্য নথি শেয়ারও করেননি। পরে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড থেকে একাধিক বেআইনি লেনদেন হয়েছে। ৯ লক্ষ ৬৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। শনিবার তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ