৯ জুলাই, মুম্বই: দু’বছর ধরে আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট! কিন্তু তাঁর নাকের ডগা থেকে টাকা লোপাট হয়ে গেলেও টের পাননি অভিনেত্রী। এই টাকার পরিমাণও কিন্তু নেহাত কম নয়। গত ২ বছর ধরে প্রায় ৭৭ লক্ষ টাকা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে অভিনেত্রীরই প্রাক্তন সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিস।
জানা গিয়েছে, অভিযুক্ত বেদিকা শেট্টির বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে থানায় অভিযোগ করেছিলেন আলিয়ার মা বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান। তার প্রায় ৬ মাস পর পুলিস তাঁকে গ্রেপ্তার করতে পারল। ২০২১ সাল থেকে গত বছর পর্যন্ত আলিয়ার সঙ্গেই অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন বেদিকা। অভিযোগ, এই সময়ের মধ্যেই অভিনেত্রীর ৭৭ লক্ষ টাকা লোপাট করেছে সে।
পুলিসের তরফে জানা গিয়েছে, বেদিকা আলিয়ার সাক্ষর নকল করে ক্রমাগত টাকা নয়ছয় করে চলছিল। এভাবেই বিপুল অঙ্কের টাকা হাপিশ করে সে। পরে চাকরি ছে়ড়ে গা ঢাকাও দিয়েছিল অভিযুক্ত। ফলে অভিযোগ জানানোর পরও পুলিসের তাকে খুঁজে পেতে ৬ মাস সময় লেগে গিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে আপাতত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।