Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

ম্যালেরিয়ার ওষুধেই মৃত্যু ৭ বছরের শিশুর! অসুস্থ একাধিক

বর্ষাকালে প্রবল বৃষ্টির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বিভিন্ন রাজ্যে চলছে ভারী বৃষ্টি

ম্যালেরিয়ার ওষুধেই মৃত্যু ৭ বছরের শিশুর! অসুস্থ একাধিক
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭
Prefer us on Google

হায়দরাবাদ, ২ সেপ্টেম্বর: বর্ষাকালে প্রবল বৃষ্টির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বিভিন্ন রাজ্যে চলছে ভারী বৃষ্টি। আর সেই সঙ্গেই বেড়ে চলেছে ম্যালেরিয়া। বাড়ছে আতঙ্ক। এইবার সেই ম্যালেরিয়া প্রতিরোধে বিতরণ করা ক্লোরোকুইন ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোল্লাগুপ্পা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও ৫২ জন অসুস্থ হয়েছে। তাঁদের হাসপাতালে ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, তেলঙ্গানা সীমান্তবর্তী গোল্লাগুপ্পা গ্রামে মোট ৭১ জন আক্রান্ত হয় ম্যালেরিয়াতে। সেই কারণেই তাদের ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ক্লোরোকুইন দেওয়া হয়েছিল। ওষুধটি খাওয়ার পর থেকেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। যার মধ্যে ছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাত বছরের মাদিভি জামুনা। হাসপাতালে ভর্তি করলেও লাভের লাভ হয়নি কিছুই। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এরপর পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল পাঠানো হয়। তিনজন শিশু বিশেষজ্ঞ সহ একটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আক্রান্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। অসুস্থদের সবরকমের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। পাশাপাশি, কী পরিস্থিতিতে ওষুধ বিতরণ করা হয়েছিল এবং তার পরেই কেন এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি জেলাশাসক জানিয়েছেন চিকিৎসাধীন অন্য রোগীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Advertisement
সম্পর্কিত সংবাদ