Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনায় বিনিয়োগের টোপ দিয়ে ৭ লক্ষের প্রতারণা

শেষ একবছরে অস্বাভাবিক হারে বেড়েছে সোনার দাম। গতবছর বাজেটের সময়ও সোনার দাম ছিল প্রায় ৬৩ হাজার। বর্তমানে তা প্রায় বেড়েছে আড়াইগুণ।

সোনায় বিনিয়োগের টোপ দিয়ে ৭ লক্ষের প্রতারণা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শেষ একবছরে অস্বাভাবিক হারে বেড়েছে সোনার দাম। গতবছর বাজেটের সময়ও সোনার দাম ছিল প্রায় ৬৩ হাজার। বর্তমানে তা প্রায় বেড়েছে আড়াইগুণ। বিনিয়োগ প্রতারণায় এবার এই মূল্যবৃদ্ধিকেই টার্গেট করেছে প্রতারকরা। ‘গোল্ড ইনভেস্ট স্কিমে’র নাম করে টোপ দিচ্ছে প্রতারকরা। এমন একটি চক্রের টোপ গিলে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন বাগুইআটির এক যুবক। কিন্তু উচ্চ রিটার্ন তো দূরের কথা তিনি বিনিয়োগ করা টাকাই ফেরত পাননি! বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

প্রতারিত নভেম্বর মাসে অনলাইন মাধ্যমে প্রতারকদের খপ্পরে পড়েন। উচ্চ রিটার্নের সঙ্গে প্রায়শই বোনাস মেলার প্রতিশ্রুতি ও দ্রুত বিনিয়োগ করা অর্থ কয়েকগুণ বেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতারকরা। বলেছিল, ব্যাংক বা অন্য কোনও শেয়ার ট্রেডিংয়ে এ রিটার্ন সম্ভব নয়। প্রতারিত টোপ গিলে ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ৭ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করেন। প্রতারকরা যে ওয়েবসাইটটি তাঁকে দেখিয়েছিল বাস্তবে সেটি ছিল ভুয়ো। তিনি তা বুঝতে পারেননি। এরপর বিভিন্ন ধরনের ‘ফিজ’য়ের কথা বলে প্রতারকরা তাঁর কাছ থেকে আরও টাকা দাবি করে। তখন যুবকের তখন সন্দেহ হয়। তিনি রিটার্ন সহ টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ, প্রতারকরা তাঁকে এক টাকাও ফেরত দেননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছ। সাইবার বিশেষজ্ঞদের কথায়, যে কোনও ধরনের ইনভেস্টমেন্ট ফ্রডে প্রবীণদের সঙ্গে বর্তমান প্রজন্মেরও ছেলে-মেয়েরাও প্রতারিত হচ্ছে। বাগুইআটির এই প্রতারিত যুবকের বয়সও ৪১ বছর। যে কোনও বিনিয়োগ করার আগে সতর্ক হন। ফোনে ভরসা না করে ভালো করে যাচা‌ই করুন। তা না হলেই বিপদ।

সম্পর্কিত সংবাদ