নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলাজুড়ে থাবা বসাচ্ছে ম্যালেরিয়া। হু হু করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ। জেলায় গত সাত মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৬৩ ছাড়িয়ে গিয়েছে। যা গত বছরের পরিসংখ্যান থেকে অনেকটাই বেশি। শুধুমাত্র কোচবিহার-১ ব্লকেই আক্রান্ত ১৫ জন।
জেলা স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, গত বছরের তুলনায় এ বছর ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরমধ্যে বাইরে থেকে আসা কেস বেশি। ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত কোচবিহার জেলায় ৬৩ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩।
স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত কোচবিহার-১ ব্লকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, ১৫ জন। কোচবিহার-২ ব্লকে আক্রান্ত হয়েছেন ৬ জন। তুফানগঞ্জ-১ এবং তুফানগঞ্জ-২ ব্লকে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৯ ও ৭ জন। দিনহাটা-১ ব্লকে ৬ জন ও দিনহাটা-২ ব্লকে আক্রান্ত হয়েছেন ১ জন। সিতাইতে ৩ জন, মাথাভাঙা-১ ব্লকে ৪ জন, মাথাভাঙা-২ ব্লকে ৮ জন আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়াতে। এছাড়াও শীতলকুচি ব্লকে ৩ জন ও চ্যাংরাবান্ধায় ১ জন ম্যালেরিয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে এই ক’মাসে। প্রতিটি ব্লকেই আক্রান্ত রোগী রয়েছে।
তবে স্বস্তির খবর একটাই, গ্রামে আক্রান্তের সংখ্যা বাড়লেও কোচবিহার শহর সহ জেলার চারটি পুরসভা এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি স্বাস্থ্যদপ্তরের।
কোচবিহার জেলায় পাঁচশোর বেশি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যেখানে ম্যালেরিয়া নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। ম্যালেরিয়া টেস্টের রিপোর্ট পজিটিভ এলেই সঙ্গে সঙ্গে ওই রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল বা মহকুমা হাসপাতালে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ম্যালেরিয়া আক্রান্তদের স্থানান্তরিত করা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই জেলা ও ব্লক স্তরে সার্ভিলেন্স টিম নামানো হয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর।