নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অবশেষে বৃষ্টি ও ধসের জেরে লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল উদ্ধারকারীরা। প্রশাসন সূত্রের খবর, চার দিন ধরে উত্তর সিকিমের লাচেনে আটকে ছিলেন ৬০ জন পর্যটক। তাঁদের নিরাপদে উদ্ধার করেছে মাঙ্গন জেলা পুলিশ, প্রশাসন ও এনডি আরএফের সমন্বয় দল। ওই পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন বাঙালি। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তাদের বাড়ি বলে খবর। তাদের লাচেন থেকে নিরাপদে গ্যাংটক পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিকিম সরকার।
প্রসঙ্গত, উত্তর সিকিমের লাচেনের কাছে ধসের কারণে চার দিন ধরে আটকে ছিলেন ৬০ জন পর্যটক যার মধ্যে প্রায় ১০ জন বাঙালি। তাঁদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার জন্য মরিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সিকিম সরকার। অবশেষে আবহাওয়ার উন্নতি ঘটতেই তাঁদেরকে উদ্ধার করে একে একে নিরাপদ স্থানে সরিয়ে আনল উদ্ধারকারীরা।
ধস ও তুষারপাতের জোড়া ধাক্কায় বিপর্যস্ত সিকিম ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। গত রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমতেই খুলতে শুরু করেছে একাধিক রাস্তা। তবে দুর্যোগের ক্ষত এখনও স্পষ্ট। কার্যত ধসের কবলে পড়ে সিকিমের মানচিত্র থেকেই মুছে গিয়েছে গ্যালশিংয়ের রিম্বি গ্রাম। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন প্রায় ৮০ জন। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক গৃহহীনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও কথা ঘোষণা করে সিকিম সরকার। এবং তাঁদের স্থায়ী পুনর্বাসনের জন্য জমিরও সন্ধান করছে প্রশাসন। এমনাটাই জানিয়েছিলেন, গ্যালশিংয়ের জেলাশাসক তেনজিং ডি দেনজংপা।