Bartaman Logo
২৩ জুন, ২০২৬

সিন্ধেপন্থী শিবসেনায় যোগ উদ্ধব শিবিরের ৬ সাংসদের

মুম্বইয়ে উদ্ধব শিবিরের ৬ সাংসদ একনাথ শিবসেনায় যোগ দিলেন। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, বিস্তারিত জানুন।

সিন্ধেপন্থী শিবসেনায় যোগ উদ্ধব শিবিরের ৬ সাংসদের
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: প্রত্যাশা মতোই সোমবার সন্ধ্যায় একনাথপন্থী শিবসেনায় যোগ দিলেন উদ্ধবপন্থী শিবসেনার ছয় সাংসদ। তাঁদের স্বাগত জানিয়ে একনাথের ঘোষণা, ‘ছ’জন বাঘ এখানে রয়েছেন। তাঁরা এখন প্রকৃত শিবসেনা পরিবারের সদস্য।’ এদিন একনাথের কণ্ঠে বারবার ‘প্রকৃত শিবসেনা’ কথাটি ঘুরেফিরে এসেছে। ২০২২ সালে বিদ্রোহীদের নিয়ে শিবসেনার ভাঙ্গন ধরান একনাথ। পরে তাঁর গোষ্ঠীকেই প্রকৃত শিবসেনা বলে ছাড়পত্র দেয় নির্বাচন কমিশন। এরপরেও গত চার বছর ধরে ‘বিশ্বাসঘাতক’ কথাটি শুনতে হয়েছে তাঁকে। তাই তাঁর দিকে পাল্লা ভারি হতেই নিজের গোষ্ঠীকেই ‘প্রকৃত শিবসেনা’ বলে আবার দাবি করলেন একনাথ। 

Advertisement

উদ্ধবপন্থী শিবসেনার ন’জন সাংসদ ছিলেন। এদিন একনাথের সরকারি বাসভবন ‘নন্দনবন’-এ হাজির হয়ে এদেঁর ছ’জনই তাঁর শিবিরে যোগ দেন। আবেগাপ্লুত একনাথ বলেন, ‘চার বছর আগে ২০২২ সালের ২২ জুন বিদ্রোহ ঘোষণা করেছিলাম। তখন আমাদের সঙ্গে তখন ছিল ৪০ জনের সমর্থন। এখন আমাদের ছ’জন সাংসদ।’ বিশেষজ্ঞদের মতে, দুই-তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে দল ছাড়ায় দলত্যাগবিরোধী আইনের কবলে পড়ে সাংসদদের পদ খোয়াতে হবে না। এদিন দলত্যাগী সাংসদদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন উদ্ধব থ্যাকারের ছেলে আদিত্য থ্যাকারে। এক্স হ্যান্ডলে আদিত্য লিখেছেন, ‘এনডিএ প্রার্থীদের বাতিল করে ভোটাররা ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বেছে নিয়েছিল। মেনে নাও যে লোভে পড়ে রাতারাতি নির্লজ্জভাবে সবকিছু ত্যাগ করতে তোমরা বাধ্য হয়েছে।’ তবে একনাথ শিবিরকে আক্রমণ করতে শালীনতার সব সীমা অতিক্রম করে গিয়েছেন উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘একনাথ সন্তানসম্ভবা ছিলেন। এখন তিনি ছ’জন সাংসদের জন্ম দিলেন।’ এদিন বিধান পরিষদেও শক্তিবৃদ্ধি হল মহাযুতি জোটের। ১৭টি আসনের মধ্যে ১৬টিই গিয়েছে জোটের দখলে। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ আসনে জয়ী হন জোট প্রার্থীরা। বাকি আসনগুলির জন্য ১৮ জুন ভোটগ্রহণ করা হয়। শরিকদের মধ্যে বিজেপি ১১টি, সিন্ধেপন্থী শিবসেনা ৩টি এবং অজিত পাওয়ার পন্থী এনসিপি ২টি আসন পায়। কেবল নাসিক আসনটি জোটের হাতছাড়া হয়েছে। এই আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী গোকূল গীতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ