


সংবাদদাতা, কান্দি: বাড়ির পাশের সামান্য জমি নিয়ে বিবাদ। শনিবার তার জেরেই আগ্নেয়াস্ত্র নিয়ে এক পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল কান্দি থানার হাটপাড়া গ্রামে। হামলায় ওই পরিবারের ছ’জন জখম হয়েছেন। তাঁরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।
কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার বলেন, এদিন দুপুর পর্যন্ত এনিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে দু’জনকে আটক করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। ওই গ্রামের একটি জমি নিয়ে আজান শেখ ও তহিদুল শেখের পরিবারের মধ্যে কয়েকমাস ধরে ঝামেলা চলছে। আজান শেখের দাবি, তাঁর বাড়ির পাশে তহিদুলের এক আত্মীয় বাড়ি তৈরি করছে। কিন্তু যেখানে বাড়িটি তৈরি হচ্ছে, সেখানে তাঁরও কিছুটা জমি রয়েছে। এনিয়ে তিনি তহিদুলের হস্তক্ষেপ দাবি করছিলেন। কিন্তু, তহিদুলের পরিবার তা মানতে চাইছিল না। অভিযোগ, তার জেরে এদিন সকাল ৯টা নাগাদ তহিদুলের পরিবারের উপর আজান শেখ দলবল নিয়ে হামলা চালায়।
আক্রান্ত তহিদুল শেখের পরিবারের অভিযোগ, এদিন নামাজ শেষ হওয়ার পর আজান শেখ ও তার স্ত্রী হঠাৎ তাঁদের বাড়িতে আসে। জমির সমস্যা না মেটালে ফল খারাপ হবে বলে হুমকি দেয়। ওই পরিবার পালটা হুমকি দিতেই আজান পরনের লুঙ্গির ভিতর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে সত্তরোর্ধ্ব তহিদুলের কপালে ঠেকায়। কিন্তু তহিদুলের বাড়ির লোকজন সেই আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়।
আক্রান্ত পরিবারের রাজিনা খাতুন বলেন, আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার কয়েকমিনিট পরই অনেকজন মিলে আমাদের বাড়িতে হামলা চালায়। পাঁচজন বাড়ির ভিতরে ঢোকে। অনেকে বাইরে দাঁড়িয়েছিল। কোদাল, লোহার রড নিয়ে ওরা এসেছিল। ওদের আরও দু’জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের বাড়ির সবাইকে ওরা ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা পৌঁছালে ওরা পালিয়ে যায়।