সংবাদদাতা, বসিরহাট: ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের খুন করার পুরানো মামলায় ফের ছ’জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ২০১৯ সালে ৮ জুন ন্যাজাট থানার ভাঙ্গিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজয় মিছিলের নাম করে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন করার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। দু’জনের দেহ উদ্ধার হলেও দেবদাস মণ্ডলের হদিশ পাওয়া যায়নি। ২০২৬-এ বিধানসভা ভোটের আগে হাইকোর্টের নির্দেশ মতো এই ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। সিবিআই-এর স্পেশাল ব্রাঞ্চ ওই এলাকায় তদন্ত ও তল্লাশি চালিয়ে কয়েক সপ্তাহ আগে দশ জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চালিয়ে সিবিআই আবার ছ’ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল।



