Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর মহকুমার ১২ বিধানসভা কেন্দ্রে এখনও ঝুলে ৫৪ হাজার নাম

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলেও বারাকপুর মহকুমার ১২টি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত ৫৪ হাজার ভোটারের নামের তথ্য যাচাই বাকি রয়েছে।

বারাকপুর মহকুমার ১২ বিধানসভা  কেন্দ্রে এখনও ঝুলে ৫৪ হাজার নাম
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলেও বারাকপুর মহকুমার ১২টি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত ৫৪ হাজার ভোটারের নামের তথ্য যাচাই বাকি রয়েছে। এই সমস্ত ভোটার ‘বিচারাধীন’ বলে চিহ্নিত। বিচারকরা এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ‘বিচারাধীন’ ভোটারের তথ্য যাচাই করেছেন। ২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার আগেই এই ‘বিচারাধীন’ ভোটারদের ভবিষ্যৎ নিষ্পত্তি হবে বলে প্রশাসনিক মহলের ধারণা।

Advertisement

ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, বারাকপুর মহকুমার বরানগর থেকে বীজপুর পর্যন্ত ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ১ লক্ষ ২৪ হাজার ভোটার ‘বিচারাধীন’ ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন আদালতের বিচারকরা ‘বিচারাধীন’ ভোটারদের তথ্য যাচাই শুরু করেন। বারাকপুর প্রশাসনিক ভবনে বারাকপুর, নোয়াপাড়া, ভাটপাড়া ও জগদ্দল কেন্দ্রের বিচারাধীন ভোটারদের তথ্য যাচাই চলছে। বাকি বিধানসভা কেন্দ্রের তথ্য যাচাইয়ের কাজ চলছে নির্বাচন কমিশনের চার্জ অফিসে।
যাচাই পর্ব শেষ হলে যাঁদের বৈধ বলে চিহ্নিত করা হবে, তাঁদের নাম সাপ্লিমেন্ট লিস্টে উঠবে। তবে কমিশনের সর্বশেষ তালিকায় যে ভোটারদের নাম ‘ডিলিটেড’ বলে ছাপ মারা রয়েছে, তাঁদের বড়ো অংশ ফের ৬ নম্বর ফর্ম ফিল-আপ করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের দেওয়া তথ্য যদি নির্বাচন কমিশনের আধিকারিকদের সন্তুষ্ট করতে পারে, তাহলে সাপ্লিমেন্ট লিস্টে সেই নামও যুক্ত হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যেই কয়েকটি বিধানসভা কেন্দ্রের ইআরও সহ বেশ কয়েকজন অফিসার বদলি হয়ে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নতুন অফিসার এসেছেন। আসতে শুরু করেছেন পর্যবেক্ষকরাও। বারাকপুর মহকুমায় প্রশাসনিক পর্যায়ে বিধানসভার ভোটের প্রস্তুতি এখন জোরকদমে চলছে।

সম্পর্কিত সংবাদ