Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে ৫১টি স্পেশাল ট্রেন

দুর্গাপুজোয় কলকাতা ও সংলগ্ন এলাকার ঠাকুর দেখতে লাখো লাখো মানুষের ঢল নামে। শহরতলি কিংবা আশপাশের জেলার দর্শনার্থীদের বড়ো অংশ ট্রেনে চেপে মহানগরীতে আসেন ও ফিরে যান।

দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে ৫১টি স্পেশাল ট্রেন
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় কলকাতা ও সংলগ্ন এলাকার ঠাকুর দেখতে লাখো লাখো মানুষের ঢল নামে। শহরতলি কিংবা আশপাশের জেলার দর্শনার্থীদের বড়ো অংশ ট্রেনে চেপে মহানগরীতে আসেন ও ফিরে যান। এই দর্শনার্থীদের জন্য খুশির খবর দিল শিয়ালদহ ডিভিশন। চলতি পুজোয় যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে রেল। ষষ্ঠী থেকে দশমী অর্থাৎ ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৫১টি স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। যার মধ্যে ৩৮টি বেশি রাতের স্পেশাল ও সন্ধ্যায় দিকে চলবে ১৩টি স্পেশাল ট্রেন। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা ৩১টি স্পেশাল ট্রেনের পরিষেবা পেয়েছিলেন। এবছর যা একলাফে অনেকটাই বাড়ানো হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর থেকে সমস্ত গ্যালপিং লোকাল সব স্টেশনেই দাঁড়াবে।

Advertisement

পাশাপাশি উৎসবের মরশুমে ভ্রমণপ্রিয় জনতার জন্য আগামী ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে শিয়ালদহ ডিভিশনে ৮০টি দূরপাল্লার স্পেশাল ট্রেন চলবে। গত বছর এই উৎসব মরশুমে একপ্রেস ট্রেনের সংখ্যা ছিল ৫০। পুজোর দিনগুলিতে সারারাত বিশেষ ট্রেন চালানোর সঙ্গে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার দিকেও অগ্রাধিকার দিচ্ছে রেল। শিয়ালদহ মেইন, নর্থ ও সাউথ সেকশনে লক্ষ লক্ষ যাত্রীর জন্য ২৪ ঘণ্টার ওয়াররুম চালু থাকবে। এছাড়াও ধারাবাহিক সিসি ক্যামেরার নজরদারি চালানো হবে। লালগোলা সেকশনে প্রাক-পুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে চারটি স্পেশাল ট্রেন চালানো হবে। উৎসব পর্বে রেলের কর্তাদের নজরে রয়েছে ক্রাউড ম্যানেজমেন্ট কিংবা ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি। একইসঙ্গে যাত্রীদের উন্নত পরিষেবা সুনিশ্চিত করতে বিশেষ সুযোগ-সুবিধা মিলবে বিভিন্ন স্টেশনে। যার মধ্যে রানাঘাটে অস্থায়ী বুকিং কাউন্টার চালু করা হবে। বারাকপুরে নয়া টিকিট কাউন্টার চালু করা হয়েছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট টাকার ঝক্কি অনেকটাই কমবে।
পুজোর দিনগুলি যাত্রীদের মসৃণ ট্রেন যাত্রা উপহার দিতে চায় শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-কৃষ্ণনগর সেকশনের অধীনে বাদকুল্লায় চারটি এসি লোকাল দাঁড়াবে। পরীক্ষামূলকভাবে এই স্টপেজ দেওয়া হচ্ছে। একইসঙ্গে শান্তিপুর-কৃষ্ণনগর রুটে ট্রেনের সংখ্যা এক জোড়া থেকে বাড়িয়ে দু’ জোড়া করা হয়েছে। সাউথ সেকশনে শিয়ালদহ-বজবজ লাইনে বেশি রাতে একটি নতুন ট্রেন দেওয়া হয়েছে। ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছেড়ে বজবজে রাত ১১টা ৪৩ মিনিটে পৌঁছাবে। ফিরতি রুটে ট্রেনটি বজবজ থেকে রাত ১১টা ৫৪ মিনিটে ছাড়বে। যাত্রীদের শিয়ালদহ স্টেশনে রাত ১২টা ৪৮ মিনিটে নামাবে। পুজোয় যাত্রীদের নিরাপদ ও মসৃণ যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর পূর্ব রেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ