নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাল, শনিবার ২০ জুন। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার। সেই ২০ জুন, পশ্চিমবঙ্গ দিবসেই দিল্লিতে এবছরের বাংলা ‘আম মেলা’ শুরু করছে বিজেপি সরকার। তা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস জমানায় বাংলার ‘আম মেলা’ হতো নয়াদিল্লির জনপথ এলাকায় হ্যান্ডলুম হাটে। এবছর সেই স্থানও পরিবর্তন করছে বিজেপি সরকার। বঙ্গ বিজয়ের পর এবার দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা সিআর পার্কে মেলার আয়োজন করা হচ্ছে। চিত্তরঞ্জন পার্কে বঙ্গীয় সমাজের চত্বরেই ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ‘আম মেলা’ চলবে। প্রধানত বাংলা ও বাঙালির সঙ্গে যোগসূত্র স্থাপন করাই সিআর পার্কে মেলার আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য রাজ্য সরকারের।
এবারের ‘আম মেলা’য় হেরিটেজ প্রদর্শনীতে তুলে ধরা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনযাত্রা সম্পর্কিত বিস্তারিত তথ্য। তবে এর পাশাপাশিই থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর জীবন সংক্রান্ত হেরিটেজ প্রদর্শনীও। সরকারি সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বটেই, প্রত্যেক কেন্দ্রীয় নেতামন্ত্রীর ঘরে ঘরেই বাংলার আম পৌঁছে দেওয়া যায় কি না, সেই ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। রাজ্যের হর্টিকালচার দপ্তর সূত্রে ‘বর্তমান’কে জানানো হয়েছে, যতদিন ‘আম মেলা’ চলবে, ততদিন ‘ম্যাঙ্গো অন হুইলস’ আম ফেরি করবে দিল্লির বিভিন্ন প্রান্তে। এর ফলে বিক্রি যেমন হবে, তেমনই বাংলার আমের ব্যাপক প্রসার এবং প্রচারও সম্ভব হবে। জানা যাচ্ছে, প্রধানত মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া থেকে আম চাষিরা দিল্লিতে বাংলার এই বিশেষ মেলায় যোগ দেবেন।
প্রাথমিকভাবে স্থির হয়েছে, প্রায় পাঁচ হাজার কুইন্টাল আম নিয়ে আসা হবে দিল্লিতে। পরবর্তী ক্ষেত্রে যদি চাহিদা বৃদ্ধি পায়, তখন আম আনানো হবে। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, রানিভোগের মতো আম থাকবেই। তবে এবার দিল্লিতে বাংলার ‘আম মেলা’য় আসর মাত করতে তৈরি হচ্ছে বেগমপসন্দ, রাখালভোগ, বানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, রেড আইভরির মতো ভিন্ন স্বাদের ‘এক্সক্লুসিভ’ আম। প্রতিবারের মতো এবছরও বাংলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর সম্ভারও থাকবে ‘আম মেলা’য়। রাজ্যের লোকশিল্পীরা তুলে ধরবেন স্থানীয় শিল্পের নিদর্শন।