জগন্নাথঘাট ফুলবাজারে বিক্রি ৫০ লক্ষ পদ্ম
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো ঘিরে শুক্র ও শনিবার কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারে বিক্রি হয়েছে প্রায় ৫০ লক্ষ পদ্ম। নবমী পর্যন্ত চাঙ্গা থাকবে বাজার। কারণ সন্ধিপুজোতে দরকার প্রচুর পরিমাণ পদ্ম। মঙ্গলবার পর্যন্ত পদ্ম বিক্রির বাজার ভালো থাকবে বলে বিক্রেতাদের আশা। 

Advertisement

সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘অন্য বছরের তুলনায় এবার পদ্মফুলের ফলন ভালো। পুজোতে কোনো আকাল থাকবে না। কয়েকসপ্তাহ ধরে রাজ্যের হিমঘরে অনেক পরিমাণ পদ্ম মজুত ছিল। এখন সবই চলে এসেছে ফুলবাজারে।’ ফুল ব্যবসায়ীরা জানান, রাজ্যের বিভিন্ন জেলায় খাল‑বিল, বিভিন্ন জলাশয় ও রেললাইন সংলগ্ন নয়ানজুলিতে হয়ে থাকে পদ্মফুল। এবার সর্বত্র ভালো চাষ হয়েছে। কোথাও ধানজমিতেও চাষ করা হয়। এখন নবরাত্রির ও দুর্গাপুজো চলছে। তাই বেশি চাহিদা পদ্মের। লক্ষ্মীপুজো পর্যন্ত চহিদা থাকবে। শনিবার সকালেই শহর ও আশপাশ জেলা থেকে খুচরো ব্যবসায়ীরা আসেন ফুলবাজারে। তাঁদের বক্তব্য, পুজোয় ভিড় এড়াতে বেশি করে পদ্ম কিনে নিয়ে যাচ্ছি। অষ্টমীর দিন বাজার বাড়বে। এছাড়া দুর্গাপুজোর জন্য পদ্মের পাশাপাশি গাঁদা, রজনীগন্ধার মালার চাহিদাও রয়েছে। বাজার ভালো থাকায় খুশি চাষি ও বিক্রেতারা।  নিজস্ব চিত্র