Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের মামলায় পঞ্চায়েত সদস্যার স্বামী সহ ধৃত ৫ জোড়াফুল কর্মী

তারকেশ্বরের তেঘরী গ্রামে প্রায় চার মাস আগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ।

খুনের মামলায় পঞ্চায়েত সদস্যার স্বামী সহ ধৃত ৫ জোড়াফুল কর্মী
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের তেঘরী গ্রামে প্রায় চার মাস আগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম অমিতকুমার দাস, শচীন অধিকারী, অরূপকুমার বাগ, সুকুমার কোলে ও মঙ্গল পাত্র। তাদের মধ্যে মঙ্গল পাত্র হল তারকেশ্বর ব্লকের অন্তর্গত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শেফালি পাত্রের স্বামী। ধৃতরা সকলেই তৃণমূলের সক্রিয় সদস্য বলে এলাকায় পরিচিত।

Advertisement

হুগলি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শৈলজা দাস বলেন, গত ১৩ ফেব্রুয়ারি তারকেশ্বর থানায় খবর আসে, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের তেঘরী গ্রামে শিশির বেরা নামে এক ব্যক্তি তাঁর বাড়ির সামনেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন। একাই থাকতেন তিনি। সেই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, অজ্ঞাত পরিচয় কেউ বা কারা মারধর করার ফলেই মারা গিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। কয়েকদিন আগে পুলিশ চিহ্নিত করে অভিযুক্তদের। জানা গিয়েছে, শিশির বেরা মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোনো বিষয় নিয়ে তাঁর সঙ্গে বচসা হয় ওই ব্যক্তিদের। সেই সময় শিশিরবাবুকে মারধর করা হয়, তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় আরও কেউ জড়িত বলে মনে করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ