Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত ৫

দেগঙ্গার মাটিকুমড়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ। বিজেপি কর্মী আবু খায়ের মণ্ডলদের পরিবারের সঙ্গে তৃণমূল কর্মী হামিদ মোল্লাদের বিবাদ ঘটে মঙ্গলবার।

দেগঙ্গায় জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত ৫
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গার মাটিকুমড়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ। বিজেপি কর্মী আবু খায়ের মণ্ডলদের পরিবারের সঙ্গে তৃণমূল কর্মী হামিদ মোল্লাদের বিবাদ ঘটে মঙ্গলবার। বিজেপির দাবি, আক্রান্ত হয়েছে আবু খায়ের মণ্ডলের পরিবার। ওই পরিবারের সদস্যদের দাবি, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরও করা হয়েছে। এতে এক মহিলা সহ মোট পাঁচজন জখম হয়েছেন। আহতদের প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বারাসত মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, আবু খায়ের মণ্ডলকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আক্রান্ত মহিলা সাবিনা বিবির দাবি, জমি নিয়ে বিবাদের জেরেই তাঁদের পরিবারের উপর হামলা চালানো হয়। তৃণমূলের ক্ষমতায় থাকার সুবাদে ওঁরা এতদিন আমাদের জমি জোর করে দখল করেছিল। পালাবদল হতে জমি ফেরানোর দাবি উঠতেই এই হামলা। ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেত্রী দীপিকা চট্টোপাধায়। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। যদিও এই জমি বিবাদ নিয়ে তৃণমূল কোনো মন্তব্য করতে চায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ