Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোডাউনের শেড ভেঙে মৃত ৫, তারাতলায় উদ্ধারকাজে সেনা, গ্রেপ্তার ৩

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে ৫ জনের মৃত্যু। সেনা ও এনডিআরএফ উদ্ধারকাজে। বিস্তারিত জানুন।

গোডাউনের শেড ভেঙে মৃত ৫, তারাতলায় উদ্ধারকাজে সেনা, গ্রেপ্তার ৩
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়োসড়ো বিপর্যয়ের সাক্ষী হল কলকাতা! বুধবার দুপুরে তারাতলায় ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ গোডাউনের শেড। তিনতলা ওই গোডাউনের দু’টি তলই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন সেখানে কাজ করছিলেন প্রায় ৫০ জন শ্রমিক। প্রত্যেকেই আটকে পড়েন ভগ্নস্তূপের নীচে। এই খবর লেখা পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। তাঁদের মধ্যে দু’জনের নাম জানা গিয়েছে। তাঁরা হলেন রোহিত চৌধুরী (৪০) ও কৃষ্ণ চৌধুরী (৩০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। ২৫ জনকে জীবিত ও জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাঁদের এসএসকেএম হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকালেই ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন বিধানসভা চলছে, তাই স্পিকারের অনুমোদন নিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করব। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বিল্ডিং প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল। চলতি বছরের ১৭ জানুয়ারি এই প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছে।’ ঘটনার প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হবে, আজ, বৃহস্পতিবার বিধানসভায় সে ব্যাপারে জানাবেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মৃতদের পরিবারের তরফে গোডাউনের মালিকপক্ষের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

Advertisement

এতজন মৃত ও জখম ব্যক্তিকে উদ্ধারের পরও আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন অনেকে। উদ্ধারকাজে নেমেছে সেনা। এনডিআরএফ-এর সঙ্গে একযোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তারা। উদ্ধারে হাত লাগিয়েছে পুরসভা, পূর্তদপ্তর, দমকল, বন্দর ও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। এদিনই পুলিশের গোয়েন্দা বিভাগের টিম ওই জমি লিজ নেওয়া সংস্থার অফিসে যায়। গ্রেপ্তার করা হয় সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার সুভাষ চৌধুরী এবং মহম্মদ আতাউল নামে তিনজনকে। তবে পুলিশ জানিয়েছে, গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরা পলাতক। যদিও গুদামের কর্মচারীদের একাংশের দাবি, তিনি মেয়ের বিয়ে উপলক্ষ্যে কটকে রয়েছেন। 
এদিন বেলা পৌনে ১২টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্রান্সপোর্ট ডিপো রোডের নির্মীয়মাণ গোডাউনটি। প্রায় ৬৬৮৯ বর্গমিটার  বা ৭২ হাজার বর্গফুট জমির উপর গুদামটি তৈরি হচ্ছিল। তিনটি তলের হিসাব ধরলে গোডাউনের মোট এলাকা ২ লক্ষ বর্গফুটেরও বেশি। ‘বেহেরা ব্রাদার্স’ নামে একটি সংস্থাকে ওই জমি ৩০ বছরের জন্য লিজে দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সেখানে চা পাতা রাখা হত। গোডাউনটি নির্মাণ করছিল ‘অয়ন ট্রেডার্স’ নামে একটি সংস্থা। প্রায় ৩৫ ফুট উচ্চতার কাঠামো। চারদিকের লোহার সেই বিম দুমড়ে ভিতরের দিকে ঢুকে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্মাণে ত্রুটি ছিল। কোনোভাবে ছাদের অংশ ভারী হয়ে যাওয়ায় লোহার বিম সেই ভার ধরে রাখতে পারেনি। তারপরই এই বিপত্তি।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, লোহার বিমের নীচে চাপা পড়ে কারও মাথা ফেটে ঘিলু বেরিয়ে গিয়েছে। বেরিয়ে রয়েছে রক্তাক্ত হাত-পা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তর থেকে বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আনা হয়। ড্রোন উড়িয়ে খোঁজা হয় জখম শ্রমিকদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ