Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকের বন্ধ বাড়ি থেকে ৫টি এসি লোপাট, চাঞ্চল্য

বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। বর্ষাকাল। ভ্যাপসা গরম। তাই একটু আরাম পেতে সেই বন্ধ বাড়ি থেকে পাঁচখানা এসি খুলে নিয়ে গেল চোরেরা

সল্টলেকের বন্ধ বাড়ি থেকে  ৫টি এসি লোপাট, চাঞ্চল্য
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। বর্ষাকাল। ভ্যাপসা গরম। তাই একটু আরাম পেতে সেই বন্ধ বাড়ি থেকে পাঁচখানা এসি খুলে নিয়ে গেল চোরেরা! এর মধ্যে তিনটি স্প্লিট এসি এবং দু’টি উইন্ডো। সবক’টি এসির বাইরের আউটলেটও খুলে নিয়ে গিয়েছে তারা। সল্টলেকের বি জে ব্লকে এহেন বিরল ঘটনায় হতবাক পড়শিরাও। বাড়ির মালিক এ ব্যাপারে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। এসি চোরদের খোঁজে চলছে তল্লাশি।  বাড়িমালিক এখন সেক্টর ফাইভের অন্তর্গত মহিষবাথানে থাকেন। সল্টলেকের বি জে ব্লকের বাড়িতে কেউ থাকেন না। মাঝেমধ্যে পরিবারের লোকজন গিয়ে খোঁজ নেন। শেষবার বি জে ব্লকের বাড়িতে মালিক এসেছিলেন গত ১৫ জুন।  তিনি পুলিশকে জানিয়েছেন, ১৫ জুনের পর গত মঙ্গলবার সকালে তিনি সল্টলেকের বাড়িতে গিয়েছিলেন। গিয়ে দেখেন, বাইরের মূল দরজা খোলা! ভিতরে গিয়ে দেখেন, বাড়িতে মোট ৫টি এসি লাগানো ছিল। একটিও নেই। সবকটি চোরেরা নিয়ে পালিয়েছে। ওইদিনই তিনি পুলিশের দ্বারস্থ হন। কিন্তু এতগুলি এসি কীভাবে চুরি হল? একটি-একটি করে চুরি হয়েছে? নাকি গাড়ি নিয়ে এসে চোরেরা একসঙ্গে চুরি করে নিয়ে গিয়েছে? অনেকে ভাবতে পারেন, যেহেতু ওই বাড়িতে কেউ থাকেন না, তাই হয়তো এসি খুলে নিয়ে যাচ্ছে। তাই হয়তো কারও সন্দেহ হয়নি। তাই এ ব্যাপারে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। সেই সঙ্গে এলাকার লোকজনদের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ। তবে এলাকার বাসিন্দারা বলছেন, এর আগে সোনাদানা বা টাকাপয়সা চুরির ঘটনা শুনেছেন তাঁরা। তা বলে গরমে এসি চুরি!

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ