Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে শীঘ্রই পথে নামবে ৪৬২টি নতুন বাস: অর্জুন

রাজ্যে শীঘ্রই ৪৬২টি নতুন বাস রাস্তায় নামবে। অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগেই বাসগুলি চালু হবে। বিস্তারিত পড়ুন।

রাজ্যে শীঘ্রই পথে নামবে ৪৬২টি নতুন বাস: অর্জুন
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার রাস্তায় নামবে নতুন ৪৬২টি বাস। রবিবার মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর একথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। প্রশাসন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে পুজোর আগেই বাসগুলি রাস্তায় নামতে পারে। এদিকে, পাহাড়ের জন্য আরও ৪০টি বাস চেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। তারা এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। 

Advertisement

অন্যদিকে, বাগডোগরায় ব্রেকফেল হওয়া এনবিএসটিসির বাসটি পরীক্ষা করল নিগম কর্তৃপক্ষ। তবে ওই বাসের চালককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে খবর। 
এদিন উত্তরকন্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন পরিবহণমন্ত্রী। বৈঠকে তিনি ছাড়াও অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আধিকারিকরা ছিলেন। 
বৈঠকের পর পরিবহণমন্ত্রী বলেন, এবার কেন্দ্রীয় সরকারের সহায়তায় ৪৬২টি নতুন বাস কেনা হবে। সেই তালিকায় ই-বাস এবং সিএনজি বাস রয়েছে। সেগুলি এনবিএসটিসি সহ বিভিন্ন পরিবহণ সংস্থার মধ্যে বণ্টন করা হবে। 
এদিকে, কয়েকদিন আগে শিলিগুড়ির রাস্তায় চালনোর জন্য ১০০টি ই-বাস রাজ্য সরকারের কাছে চেয়েছে এনবিএসটিসি। সেই সঙ্গে তারা পাহাড়ে আরও ২০টি সাধারণ এবং ২০টি ডিলাক্স বাস চালাতে চায়। সেগুলি ২৮ থেকে ৩০ সিটের। নিগমের এক আধিকারিক জানান, পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক প্রভৃতি রুটে বাস চালানো হয়। প্রতিটি রুটের বাসের যথেষ্ট চাহিদা রয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে ওই বাসগুলি চাওয়া হয়েছে। 
অন্যদিকে, দু’দিন আগে শুক্রবার বাগডোগরায় এনবিএসটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক জায়গায় ধাক্কা মারে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়। 
এনবিএসটিসি সূত্রে খবর, বাসিটি আলিপুরদুয়ার ডিপোর। সেটি আলিপুরদুয়ার-বুনিয়াদপুর রুটে চলত। সেই এয়ার ব্রেকের পাইপ ফেটে যাওয়ায় বাসটির ব্রেক ফেল হয়। সেজন্য সেটি দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বাগডোগরা থানায় গিয়ে ওই বাসটি পরীক্ষা করে এনবিএসটিসির কারিগরি বিভাগের বিশেষজ্ঞ।     

Advertisement
সম্পর্কিত সংবাদ