নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার থেকে ৮৫ বছর বা তার ঊর্ধ্ব, গুরুতর অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল। আগামী তিনদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন হাওড়া জেলায় মোট ৭ হাজার ২০২ জন প্রবীণ ভোটার ও বিশেষভাবে সক্ষমদের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে ৫ হাজার ৯৪০ জন ভোটারের বয়স ৮৫ বছরের উপর। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ১ হাজার ২৬২ জন। এদিন আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুরে পারবাকসির চিরনবীন হোমের ৪৪ জন বিশেষভাবে সক্ষম মহিলা ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে ভোটকর্মীরা হোমে গিয়ে ভোটগ্রহণ করেন। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী। আজ শনিবার হোমের বাকি ৪৪ জন বিশেষভাবে সক্ষম মহিলা ভোটদান করবেন। অন্যদিকে হোমে কড়া নিরাপত্তায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি ভোটাররা।



