মুম্বইতে আটক তুষার গান্ধী, অভিনেতা ইমরান খান সহ ৪০০
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ দমনে দিল্লির পাশাপাশি ব্যাপক ধরপাকড় মহারাষ্ট্র ও গুজরাতেও। মুম্বইতে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী, অভিনেতা ইমরান খানকে আটক করেছে পুলিশ। সবমিলিয়ে আটকের সংখ্যা চার শতাধিক বলে খবর।   তালিকায় রয়েছেন সিপিএমের কর্মী-সমর্থকরাও। গুজরাতেও বহু ছাত্র-নেতা ও সমাজকর্মীদের গৃহবন্দি রাখার অভিযোগ উঠেছে। দেশব্যাপী পুলিশের এই ধরপাকড়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দিপকের মা-বাবা। মোদি সরকারকে নিশানা করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বাবা ভগবান দিপকে বলেন, এটা ছাত্রদের বিক্ষোভ। তাহলে দিল্লিতে এতো পুলিশ কেন? চম্বলের ডাকাতরা কি রাজধানীতে জড়ো হয়েছে?  অভিজিতের মা অনিতা দিপকের প্রশ্ন, ‘ওরা কী ভুল করেছে যে বিমান থেকে আটক করতে হলো? ধর্ষকদের গ্রেপ্তারির সময় তো পুলিশ এতো সক্রিয় হয় না।’ 

Advertisement

ককরোচদের যন্তরমন্তরে আন্দোলনের সমর্থনে  শনিবার মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তুষার। তার আগেই তুষার ও তাঁর অনুগামীদের আটক করে পুলিশ। জানা গিয়েছে, বান্দ্রা থেকে আটকের পর তাঁদের ডিএন নগর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আটক করা হয়েছে মানবাধিকারকর্মী ফিরোজ মিঠিওয়ালাকেও। সিজেপির সমর্থনে দক্ষিণ মুম্বইয়ে কর্মসূচির ডাক দিয়েছিলেন ডা. বিআর আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাড়ি। তাদের কর্মী সমর্থকদেরও আটক করা হয়েছে। সব মিলিয়ে বাণিজ্যনগরীতেই আটকের সংখ্যা চারশো ছাড়িয়েছে বলে খবর। আটক হয়েছেন অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন। ইমরান বলেছেন, ‘আমি এখানে কোনো দাবি জানাতে আসিনি। নাগরিক হিসাবে এসেছি। কেন মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে? তার উত্তর জানতে এসেছি।’
গুজরাতেও আম আদমি পার্টি,যুব কংগ্রেসের নেতা-কর্মী ও সমাজকর্মীদের অনেককেই গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মী দেব দেশাই দাবি করেছেন, শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়। নাট্য নির্দেশক সাভান জালারিয়া দাবি করেছেন, তাঁর বাড়িতে আসেন পুলিশ কর্মীরা। এদিন আমেদাবাদ থেকে দিল্লিগামী স্বর্ণজয়ন্তী রাজধানী এক্সপ্রেসও বাতিল করেছে রেল।