


মুম্বই: পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন। কিন্তু জাতীয় দলের জার্সি আর কতজনের গায়ে ওঠে! তবে স্বদেশে সুযোগ না মিললেও অনেকেই কোনও না কোনও সূত্রে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেন ভিনদেশের জার্সিতে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-২০ বিশ্বকাপেও তার জ্বলন্ত নিদর্শন রয়েছে। টিম ইন্ডিয়ার স্কোয়াডে আছেন ১৫ জন। কিন্তু সব দল মিলিয়ে এবার বিশ্বসেরার আসরে খেলছেন ৪০ জন ‘ভারতীয়’! অবাক লাগলেও এটাই সত্যি। এদের সিংহভাগই একটা সময় ভারতের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন। সেই আশা পূরণ না হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তাঁরা। যেমন অমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বা ইতালির যশপ্রীত সিং।
বিশ্বকাপে অংশ নেওয়া ২০টির মধ্যে ৯টি দলে মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত আছেন। তারমধ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি কানাডায়। ১১ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তাদের জার্সিতে খেলছেন। তারপরই রয়েছে আমেরিকা। তাদের হয়ে খেলছেন মোট ৯ জন। ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল ছাড়াও আছেন হরমীত সিং, মিলিন্দ কুমার, সৌরভ নেত্রাভালকার প্রমুখ। ক্যাপ্টেন মোনাঙ্ক বলছিলেন, ‘আমরা অনেকেই ভারতে কেরিয়ার শুরু করেছিলাম। তাই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগটা সত্যিই স্পেশাল।’ আমিরশাহি ও ওমানের স্কোয়াডে রয়েছেন ৭জন করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এছাড়া নিউজিল্যান্ড শিবিরে ২জন এবং দক্ষিণ আফ্রিকা, ইতালি ও নেদারল্যান্ডস দলে একজন করে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। এঁদের মধ্যে তিনজন আবার নেতৃত্বও দিচ্ছেন দলকে। তাঁরা হলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া, আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও ওমানের অধিনায়ক যতিন্দর সিং। উল্লেখ্য, এই ক্রিকেটারদের অনেকেই পুরো সময় ক্রিকেট খেলেন না। কেউ চাকরি করেন, আবার কেউ ব্যবসা করেন। তবু স্বপ্ন ছাড়েননি।