ভুবনেশ্বর: পুরীর খাজাতেও ভেজাল। জগন্নাথ মন্দির চত্বরের একাধিক দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। নিম্নমানের সামগ্রী দিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি প্রায় ৪ কুইন্টাল ভেজাল খাজা নষ্ট করেছেন আধিকারিকরা। পুরীর মন্দির সংলগ্ন এলাকা ও স্বর্গদ্বারে খাজার দোকানগুলিতে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। পুরী সিটি পুলিশের ডিএসপি রশ্মিরঞ্জন মহাপাত্র জানান, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাজাগুলি তৈরি করা হচ্ছে। মোট চারটি দোকান ও একাধিক খাজা প্রস্তুতকারী কেন্দ্রে তল্লাশি চালানো হয়। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে খাজা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট বিক্রেতা ও প্রস্তুতকারীদের নোটিস পাঠানো হয়েছে। তাঁদের দিতে হবে ৪৫ হাজার টাকা জরিমানারও। পরিদর্শনে দেখা গিয়েছে, যেখানে খাজা তৈরি হচ্ছে সেই কাঠের পাটাতনেই দাঁড়িয়ে থাকছেন শ্রমিকরা। কাঁচামালগুলি ওই পাটাতনে যত্রতত্র খোলা অবস্থায় পড়ে রয়েছে। কোনোরকম স্বাস্থ্যবিধি মানা হয়নি। আধিকারিকদের কথায়, সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে আসেন। ভক্তরা সরল বিশ্বাসে খাজা কিনছেন, খাচ্ছেন। এক্ষেত্রে তাঁদের এই বিশ্বাসের সুযোগ নিচ্ছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



