Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাচারের আগেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালক, ধৃত ২

রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) তৎপরতায় পাচারের হাত থেকে রক্ষা পেল চার নাবালক। একই সঙ্গে হাতেনাতে পাকড়াও হল দুই পাচারকারী। সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে অভিযুক্তদের পাঠান হল শ্রীঘরে।

পাচারের আগেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালক, ধৃত ২
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) তৎপরতায় পাচারের হাত থেকে রক্ষা পেল চার নাবালক। একই সঙ্গে হাতেনাতে পাকড়াও হল দুই পাচারকারী। সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে অভিযুক্তদের পাঠান হল শ্রীঘরে। দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়ায় ঘটেছে এই ঘটনা। গত বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে দুই ব্যক্তিকে চার নাবালক সহ বসে থাকতে দেখা যায়। আরপিএফের তরফে কড়া নজরদারি চলাকালীন ওই দুই ব্যক্তির চালচলন ও আচার আচরণ সন্দেহজনক মনে হয়। তার ভিত্তিতে পূর্ব বর্ধমানের বাসিন্দা সৌরভ মাঝি ও মুর্শিদাবাদের নিবাসী রিয়াজ শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। সঙ্গে থাকা চার নাবালক সম্পর্কে সদুত্তর দিতে পারেনি ওই দুই ব্যক্তি। পরে জানা যায়, পাচারের লক্ষ্যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা থেকে চার নাবালককে জড়ো করেছিল ওই দুই ব্যক্তি। মুম্বই কিংবা বেঙ্গালুরুতে পাচারের উদ্দেশ্যে চারটি বাচ্চা ছেলেকে নিয়ে হাওড়ায় এসেছিল ওই দুই অভিযুক্ত। কাজের টোপ দিয়ে ও ভুল বুঝিয়ে বাচ্চাদের ট্রেনে করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার ফন্দি এঁটেছিল দুই পাচারকারী। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সৌজন্যে কার্যত নতুন জীবন পেল চার নাবালক।  রেলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত হাওড়া জিআরপি’র হাতে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৪৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শিশু শ্রম আইনের ১৪ নম্বর ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।     

Advertisement
সম্পর্কিত সংবাদ